নতুন এক গবেষণায় বলা হচ্ছে, অতিরিক্ত টেলিভিশন দেখার ফলে পূর্ণবয়স্ক ব্যক্তিরা অকাল মৃত্যুর দ্বিগুণ ঝুঁকিতে পড়তে পারেন। প্রতিদিন গড়ে ৩ ঘণ্টা বা তার বেশি সময় যারা টিভি দেখায় অভ্যস্ত, তারা এ ঝুঁকিতে থাকেন। হার্ট অ্যাটাক, স্ট্রোক, ক্যান্সার ও অন্য যে কোন প্রাণঘাতী রোগে তাদের মৃত্যু হতে পারে।
গবেষণাপত্রটি অ্যামেরিকান হার্ট অ্যাসোসিয়েশন সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই।
গবেষকরা বলছেন, পূর্ণবয়স্ক ব্যক্তিদের উচিত নিয়মিত ব্যায়াম বা শরীরচর্চা করা, দীর্ঘক্ষণ বসে যে কোন কাজ করার অভ্যাস ত্যাগ করা এবং দিনে ১ থেকে সর্বোচ্চ ২ ঘণ্টা পর্যন্ত টিভি দেখা।
স্পেনের প্যামপ্লোনায় ইউনিভার্সিটি অব নাভাররার জনস্বাস্থ্য বিভাগের চেয়ারম্যান এবং অধ্যাপক মিগুয়েল মার্টিনেজ গঞ্জালেজ বলছিলেন, অলস বসে সময় অতিবাহিত করার মধ্যে টেলিভিশন দেখা অন্যতম এবং মানুষের মধ্যে এ ধরনের কাজ করার প্রবণতাটা ক্রমেই আশঙ্কাজনক হারে বাড়ছে। মার্টিনেজের নেতৃত্বে গবেষণাটি পরিচালিত হয়। এর আগে টেলিভিশন দেখার সঙ্গে মৃত্যু ঝুঁকি নিয়ে গবেষণা চালানো হয়েছিল। সেখানেও বেরিয়ে এসেছিল ভয়াবহ তথ্য।
নতুন এ গবেষণায় গবেষকরা ১৩ হাজার ২৮৪ জন তরুণ ও স্বাস্থ্যবান বিশ্ববিদ্যালয় স্নাতকধারীকে পর্যবেক্ষণে রেখেছিলেন। তাদের গড় বয়স ৩৭ বছর ও এর মধ্যে ৬০ শতাংশই তরুণী। বেশ কয়েক বছর তাদের পর্যবেক্ষণে রাখার পর চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হন তারা।
ঢাকা, ২৭ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস





