মায়ের দুধ এবং বুদ্ধিমত্তার সাথে নিবিড় সম্পর্ক রয়েছে। ব্রাজিলে দীর্ঘদিন ধরে করা একটি গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

বিশেষজ্ঞরা বলছেন, শিশুকে প্রথম ছয় মাস একাধারে মায়ের দুধ পান করালে সুস্বস্থ্যের অধিকারী হতে পারবে। তবে মায়েরা কী করবে এ ব্যাপারে তাদের পূর্ণ স্বাধীনতা রয়েছে।

ব্রাজিলের 'ফেডারেল ইউনিভার্সিট অব পেলোটাস'-এর অধ্যাপক বার্নার্ডো লেশা হোর্তা বলেন, শিশুদের মধ্যে কেউ এক মাস আবার কেউ এক বছরের মত মায়ের দুধ পান করে। যারা দীর্ঘ দিন ধরে দুধ পান করে তাদের আইকিউ বড়দের মত হয় অর্থাৎ তারা বেশি নম্বর পায়।

তিনি বলেন, মায়ের দুধের একটা বড় সুবিধা হল এটা দীর্ঘ চেইন সম্পৃক্ত ফ্যাটি এসিডের একটা উৎস যা মস্তিষ্কের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ।

রয়েল কলেজ অব পেডিয়েট্রিকস-এর চেয়ারম্যান ড: কলিন বলেন, মায়ের দুধের সাথে আইকিউয়ের সম্পর্ক নিয়ে অনেক গবেষণা হয়েছে। তবে ৩০ বছর বয়সীদের মধ্যে শিক্ষা, অর্জন এবং আয় নিয়ে এটি বড় আকারের শক্তিশালী গবেষণা।

তিনি বলেন, বাচ্চাদের বেড়ে ওঠার পেছনে এবং মেধা বিকাশে শক্তিশালী ভূমিকা পালন করে মায়ের দুধ। এই গবেষণা শিশুদের দুধ পান করাতে মায়েদের উদ্বুদ্ধ করবে। প্রত্যাশী মায়েদের সবসময় দুধ পানের উপকারীতা সম্পর্কে সচেতন হওয়া উচিত।

উল্লেখ্য, ব্রাজিলে করা এই গবেষণায় বিভিন্ন শ্রেণির সাড়ে তিন হাজার শিশুকে বেছে নেওয়া হয়েছে। সূত্র : বিবিসি।

কেএইচ