প্লাস্টার ও ব্যান্ডেজের দিন বোধ হয় ফুরিয়ে আসছে। কারণ, যুক্তরাষ্ট্রের গবেষকরা এবার এমন একটি জেল উৎপাদনে কাজ করছেন, যা মুহূর্তেই জীবন বিপন্নকারী রক্তপাত বন্ধ করতে ও অতি দ্রুত বড় ধরনের ক্ষত সারাতে সক্ষম।

অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ করে জেলটি জীবন-মৃত্যুর মধ্যে গড়ে দিতে পারে ব্যবধান। ‘ভেটিজেল’ নামের এ জেলটি মারাত্মক কোন ক্ষতে প্রয়োগ করা হলে, প্রায় তৎক্ষণাৎই রক্তপাত বন্ধ হয়ে যায়।

ভেটিজেল প্রয়োগের সঙ্গে সঙ্গে তা রক্তের প্লাটিলেট উপাদানসমূহের সংস্পর্শে আসে এবং প্লাটিলেটসমূহ একত্রে দৃঢ়ভাবে অবস্থান করে।

অবিশ্বাস্যভাবে, ২০ সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যায় রক্তপাত। জেলটি রক্তকে দ্রুত ও দৃঢ়ভাবে জমাট বাঁধতে সহায়তা করে। মুহূর্তেই ক্ষত সারাতে দারুণ কাজ করে এটি। এ খবর দিয়েছে অনলাইন মিরর।

বর্তমানে ভেটিজেলটি শুধু জীব-জন্তুদের জন্যই উৎপাদন করা হচ্ছে। তবে এখনও এটি বাজারে ছাড়া হয়নি। আহত সেনাদের ক্ষত সারাতে কখনও কখনও এ ধরনের ওষুধ ব্যবহার করা হয়। তবে তা এতো দ্রুত কাজ করে না। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি ও টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটির গবেষকরা এ ধরনের একটি জেল উৎপাদন করেছেন, যা ইনজেকশনের মাধ্যমে শরীরে প্রয়োগ করা যাবে এবং দ্রুত রক্ত জমাট বাঁধতে সাহায্য করবে।

গবেষকরা বলছেন, সাধারণভাবে, মারাত্মক কোন ক্ষত নিয়ে কাছাকাছি কোন হাসপাতালে বা জরুরি চিকিৎসা সেবা কেন্দ্রে যেতে আধ ঘণ্টা থেকে ১ ঘণ্টা সময় লেগে যায়। এ সময়টা অত্যন্ত গুরত্বপূর্ণ। এটা জীবন ও মৃত্যুর মধ্যে ব্যবধান পর্যন্ত গড়ে দেয়ার জন্য যথেষ্ট। সেখানে নতুন এ জেলটি বিশ্বে বহু মানুষের প্রাণ বাঁচাতে অবদান রাখবে বলে আশা করছেন গবেষকরা।

জেলটি উৎপাদনে পুরোপুরি সফল হলে, সেনা সদস্যরা কোন অভিযান বা যুদ্ধের সময় তাদের সঙ্গে ভেটিজেলের সিরিঞ্জটি বহন করতে পারবেন এবং আহত হওয়ার সঙ্গে সঙ্গে নিজেদের চিকিৎসা নিজেরাই করতে পারবেন। সাধারণ মানুষও সহিংসতা বা দুর্ঘটনার শিকার হলে, নিজেদের চিকিৎসা নিজেরাই করতে পারবেন।

ইআর