ভালো ব্যবহার ও যথাযথ সেবা দিতে পারলে চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়া হার কমে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার দুপুরে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় তথ্যকেন্দ্র ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম-এমআইএ’র হেলথ-বুলেটিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, আমাদের দেশেই এখন উন্নত সব সেবা পাওয়া যায়, করোনা সেটাই প্রমাণ করেছেন আমাদের চিকিৎসকরা। দেশের চিকিৎসা ব্যবস্থা আগের তুলনায় উন্নতি হলেও কেউ সমালোচনা করেন। তবে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তাদের এসব সমালোচনায় কানে না দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

চিকিৎসকদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সমালোচনা হবেই, সেগুলো কানে নেওয়া যাবে না। ময়লা যেভাবে টোকা দিয়ে ফেলা হয়, এগুলোও একইভাবে এড়িয়ে যেতে হবে।’

জাহিদ মালেক আরও বলেন, স্বাস্থ্যখাতে আগামীতে জনবলের ঘাটতি আর থাকবে না। যারা কাজ করেন তাদের মানসম্মত সেবা দেওয়ার পাশাপাশি দায়বদ্ধতাও থাকতে হবে। অন্যান্য সেবার সঙ্গে স্বাস্থ্যসেবাও যখন উন্নতি করবে তখনই দেশ এগিয়ে যাবে। সুস্থ লোক ছাড়া উন্নতি হবে না।

তিনি আরও বলেন, ‘বুলেটিন থাকা মানে রেকর্ড হচ্ছে। আগামী দিনগুলোতে কোন কোন রোগের ওপর আমরা বেশি জোর দিব সেটি সংরক্ষণ সহজ হবে। এখন অসংক্রামক রোগ বাড়ছে, তাই বর্তমানে লক্ষ্য হওয়া উচিত ক্যান্সার, ডায়বেটিসের মত জটিল রোগগুলোর ওপর গুরুত্ব দেওয়া।’

এইচএম