স্থূলতা মানুষের প্রত্যাশিত আয়ু আট বছর কমিয়ে দিতে পারে। এমনকি ১৯ বছরের সুস্থ্য জীবন থেকেও তাকে বঞ্চিত করতে পারে।

শুক্রবার স্বাস্থ্য বিষয়ক ম্যাগাজিন 'ল্যানসেট ডাইয়াবেটিস এন্ড এনডোক্রিনোলোজি'তে প্রকাশিত একটি গবেষণাপত্রে এ তথ্য জানানো হয়েছে।

গবেষকরা বলছেন, যেসব মোটা মানুষের বিএমআই (body mass index)২৫ থেকে ২৯.৯ তাদের আয়ু কমতে পারে শূন্য থেকে তিন বছর। অর্থাৎ তারা স্বাভাবিক মৃত্যুর সময় থেকে আরও তিন বছর আগেই মৃত্যুবরণ করতে পারেন।

গবেষণাপত্রে আরও বলা হয়েছে, মোটা মানুষদের মধ্যে যাদের বিএমআই ৩০ থেকে ৩৪.৯ এর মধ্যে তারা প্রায় ৬ বছর আয়ুকাল হারাতে পারেন। আর যাদের বিএমআই আরও বেশি অর্থাৎ ৩৫ এর উর্ধ্বে তাদের জীবনকাল কমতে পারে প্রায় সাড়ে ৮ বছর। তবে তরুণদের মধ্যে যারা বেশি মোটা তাদের জন্য এটি আরও বেশি উদ্বেগের বিষয়।

কানাডার মনট্রিলে অবস্থিত ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের রোগবিস্তার সংক্রান্ত বিদ্যার অধ্যাপক স্টিভেন গ্রোভার বলেন, 'বিষয়টি স্পষ্ট... অল্প বয়সস্কদের ওজন বেশি হলে তাদের স্বাস্থ্যের ওপর সবচেয়ে বেশি প্রভাব পড়ে... তাদের সামনে আরও অনেক বছর আছে, এই বয়স বাড়ার সাথে সাথে স্বাস্থ্য ঝুঁকি যদি বাড়তে থাকে তাহলে তাদের জীবনের ওপর নেতিবাচক প্রভাব পড়বে।

বছরের পর বছর হাজার হাজার মানুষের ওপর পর্যবেক্ষণ চালিয়েছে 'ন্যাশনাল হেলথ এন্ড নিউট্রিশন এক্সামিনেশন সার্ভে'। তাদের দেয়া বিভিন্ন ওজনের প্রাপ্ত বয়স্ক ব্যক্তিদের তথ্যের ওপর ভিত্তি করে আগে মৃত্যু এবং ভগ্ন স্বাস্থ্য নিয়ে বিশ্লেষণ করেছেন গ্রোভার ও তার গবেষকদল।

যুক্তরাজ্য ভিত্তিক কনসাল্টিং ফার্ম 'ম্যাককিনসি গ্লোবাল ইনস্টিটিউট' এর গবেষণা মতে, স্থূলতার বর্তমান ধারাবাহিকতা বজায় থাকলে আগামী ২০৩০ সালের মধ্যে বিশ্বের প্রায় অর্ধেক প্রাপ্ত বয়স্ক মানুষ অতিরিক্ত মোটা হয়ে পড়বে।

গবেষকরা এই স্থূলতা প্রতিরোধের কিছু উপায়ও বাতলে দিয়েছেন। তারা বলছেন, ফাস্ট ফুডের প্যাকেজে খাবারের পরিমাণ কমানোর পাশাপাশি পিতামাতাকেও এ বিষয়ে সচেতন থাকতে হবে। একইসঙ্গে কর্মস্থল ও স্কুলে স্বাস্থ্যকর খাবার পরিচয় করিয়ে তুলতে হবে।

এআর/কেএইচ