ইবোলা ভাইরাস শনাক্তের জন্য থার্মো স্ক্যানার আনার পরিকল্পনা করছে সরকার। কিছু দিনের মধ্যেই থার্মো স্ক্যানার আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
মঙ্গলবার কমিউনিটি ক্লিনিকে ব্যবহারের জন্য ওমরন হেলথ কেয়ারের বিনামূল্যে সরবরাহ করা মেডিকেল সরঞ্জামাদি বিতরণকালে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, হাইকোর্টের নির্দেশের আগেই আমরা ইবোলা রোগ প্রতিরোধে কমিটি গঠন করে কার্যক্রম শুরু করেছি। ইবোলা আক্রান্ত কেউ যেন দেশে প্রবেশ করতে না পারে, সে জন্য বিমানবন্দর ও স্থলবন্দরে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।
কমিউনিটি ক্লিনিকে ব্যবহারের জন্য জাপানি প্রতিষ্ঠান ওমরন হেলথ কেয়ার বিনামূল্যে দুই হাজার ব্লাড প্রেসার মাপার যন্ত্র, এক হাজার ব্লাড সুগার মাপার যন্ত্র ও দুই হাজার বক্স বিজিএম স্ট্রিপ দিয়েছে।
অনুষ্ঠানে সাতটি কমিউনিটি ক্লিনিকের প্রতিনিধিদের হাতে এ সব মেডিকেল সরঞ্জামাদি তুলে দিয়ে বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
জেএ





