ব্রিটিশ বিজ্ঞানীরা হৃদরোগের নতুন চিকিৎসা খুঁজে বের করার চেষ্টায় মানুষের হৃৎপিণ্ডের ত্রিমাত্রিক বা থ্রি-ডি ভিডিও পর্যালোচনা করছেন।

এই গবেষণার জন্যে লন্ডনে দেড় হাজারেরও বেশি মানুষের জীবন্ত হৃৎপিণ্ডের থ্রি-ডি ভিডিও তৈরি করা হয়েছে।

গবেষকরা প্রত্যেক জনের কাছ থেকে জেনেটিক তথ্য সংগ্রহ করেছেন এবং স্ক্যান করে তাদের প্রত্যেকের হৃৎপিণ্ডের ডিজিটাল ছবি সংগ্রহ করেছেন। এখন এখন পরীক্ষা নীরিক্ষা করে দেখা হচ্ছে যে সাধারণত কোন কোন কারণে মানুষের হৃদরোগ হয় তা নিশ্চিত হওয়ার জন্যে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অ্যামেরিকান এসোসিয়েশন ফর দ্যা এডভান্সমেন্ট অফ সায়েন্সের এক বার্ষিক সম্মেলনে এই প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।
এই গবেষণায় একজন মানুষের হৃৎপিণ্ড যেভাবে কাজ করে তার সাথে ওই ব্যক্তির জেনেটিক তথ্য তুলনা করে দেখা হচ্ছে।

লন্ডনের হ্যামারস্মিথ হাসপাতালে এই গবেষণা চালানো হচ্ছে।

এর সাথে জড়িত একজন চিকিৎসক ড. ডেক্লান ও’রেগান বলছেন, তারা আশা করছেন যে এই পর্যালোচনা থেকে তারা স্বাভাবিক পরীক্ষা নীরিক্ষার চেয়েও অনেক বেশি কার্যকরী তথ্য পাবেন।

তিনি বলেন, হৃদরোগের সাথে একজন মানুষের জেনেটিক তথ্যের সম্পর্ক অত্যন্ত জটিল। সেই সম্পর্কের বিস্তারিত এখনও জানা সম্ভব হয়নি। আর এখন এই থ্রি-ডি গবেষণা থেকে মানুষের হৃদরোগের কারণ ও প্রতিকার সম্পর্কে আরো নিখুঁত তথ্য পাওয়া যাবে।

বিজ্ঞানীরা বলছেন, আর সেটা সম্ভব হবে এক সাথে এতো মানুষের জীবন্ত হৃৎপিন্ডের থ্রি-ডি ভিডিও পরীক্ষা করে দেখার কারণে।

জেআই