খাদ্য নিরাপত্তাহীনতা, অপুষ্টি হ্রাস ও অপুষ্টির চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বাংলাদেশকে ১৬০ কোটি টাকা আর্থিক সহয়তা দেবে।
বুধবার সকালে আগারগাঁওয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এই চুক্তি স্মাক্ষর অনুষ্ঠিত হয়। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন ও সংস্থাটির পক্ষে রিপ্রেজেনটেটিভ মাইক রবসন এতে সই করেন।
চুক্তি সই অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশের স্বাস্থ্য সম্পদ ও পুষ্টি কাঠামো সংক্রান্ত নীতি কাঠামো, আন্তঃখাত ও খাতভিত্তিক বিনিয়োগ পরিকল্পনা, খাদ্য নিরাপত্তা এবং পুষ্টি বিষয়ক কর্মসূচি প্রণয়নের জন্য সরকার ও অংশীজনের সক্ষমতা জোরদারকরণে এ অর্থ ব্যয় করা হবে।
এতে আরো জানানো হয়, ৫ বছর মেয়াদী এ প্রকল্পটি খাদ্য নিরাপত্তাহীণতা ও অপুষ্টি নির্মূলে সক্রিয় পরিবেশনীতি জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ ছাড়া খাদ্যনিরাপত্তা এবং পুষ্টির উন্নতি বিনিয়োগ অবকাঠামো উন্নয়নের পাশাপাশি, আর্থিক সম্পদ বণ্টনে প্রসার ঘটাবে। একই সঙ্গে একাধিক সেক্টরে খাদ্য নিরাপত্তা এবং পুষ্টির শাসন ও সমন্বয় প্রক্রিয়ায় অংশগ্রহণ শক্তিশালী করবে।
চুক্তি সই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব আসাদুল ইসলাম ও যুগ্ম সচিব সুলতানা আফরোজ উপস্থিত ছিলেন।
এ ছাড়া খাদ্য, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, নারী ও শিশুবিষয়ক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় এবং অর্থ বিভাগ ও পরিকল্পনা কমিশনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন ।
এসএইচ





