ব্যস্ততার কারণে আজকাল ঠিকমতো ঘুমাতে পারছে না? প্রতিযোগিতার এই বাজারে এমন ঘটনা বিরল নয়, তবে বিপদজনক খুব। পর্যাপ্ত ঘুমের অভাবে স্বাস্থ্যগত বিপর্যয় তো দেখা দিতেই পারে- ঘটতে পারে মস্তিষ্ক বিকৃতিও। এ কথা বলছেন মিশিগান স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক।

এই গবেষকরা গবেষণা করে বের করেছেন, ঠিকমতো না ঘুমালে মস্তিষ্কে 'ভুল স্মৃতি' তৈরি হতে পারে।

জার্নাল অব সাইকোলজিক্যাল সায়েন্সে প্রকাশিত এক প্রতিবেদনে গবেষকরা জানান, গবেষণায় অংশগ্রহণকারীদের এমন কিছু ছবি দেখান, যেখানে কোনো অপরাধ সংঘটিত হতে দেখা যাচ্ছে। পরে তাদের এ সম্পর্কে কিছু মিথ্যে তথ্য জানানো হয়।

ফলশ্রুতিতে দেখা গেছে, যারা দিনে ৫ ঘণ্টা বা তার কম ঘুমায় তারা ওই মিথ্যা তথ্য মনে করতে পারে। কিন্তু ছবিতে যা যা দেখানো হয়েছিল, সে কথা মনে করতে খুব ধকল পোহাতে হয় তাদের।

মনোবিজ্ঞানী ড. কিম্বার্লি ফেন পরিচালিত এই গবেষণায় আরো দাবি করা হয়েছে, কম ঘুমালে ডাকাতি বা এই ধরণের অপরাধের বিস্তারিত মনে রাখতেও সমস্যা হয়।

গবেষকদের মতে এমন স্মৃতি বিভ্রাট ফৌজদারি অপরাধের বিচারের ক্ষেত্রে গুরুতর প্রভাব ফেলতে পারে। কারণ এ ধরণের অপরাধের বিচারে প্রত্যক্ষদর্শীর বয়ানের ওপরে নির্ভর করে অনেক কিছু।

ফেন বলেন, 'নির্ঘুম বা কম ঘুমানোর ফলে স্মৃতি বিকৃতির প্রমাণ পেয়েছি। যারা দীর্ঘদিন যাবৎ কম ঘুমিয়ে দিন কাটান, তাদের মধ্যে এ ধরনের স্মৃতি বিভ্রাট ঘটার সম্ভাবনা বেশি। তবে হঠাৎ করে একদিন সারারাত না ঘুমালে এমনটি হবার সম্ভাবনা নেই।'

এ বিষয়ে আরো জানতে অধিকতর গবেষণার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন গবেষক দলের অন্যতম সদস্য ফ্রেন্দা।

পৃথিবীব্যাপী মানুষের মধ্যে কম ঘুমানোর প্রবণতা বেড়ে যাচ্ছে- সাম্প্রতিক বেশ কিছু গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। সূত্র: দ্য টেলিগ্রাফ।

ঢাকা, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ