মেরুদণ্ডের ব্যথা অনেকেরই হয়। সাধারণ থেকে জটিল কারণে এই ব্যথা হতে পারে। তবে কখন এই ব্যথাকে গুরুত্ব দেবেন?

এ বিষয়ে নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের কথা বলেছেন ডা. শহীদুল ইসলাম।

বর্তমানে তিনি আদ-দ্বীন মেডিকেল কলেজে অর্থোপেডিকস ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।

প্রশ্ন : মেরুদণ্ডের ব্যথার ধরন দেখে কি বোঝার উপায় রয়েছে এটি কতটা গুরুতর?

উত্তর : যখন মেরুদণ্ডের ব্যথা কোনো আঘাতজনিত কারণে হয়, তখন তো বোঝাই যায় কেন ব্যথা হচ্ছে। আবার কেউ ভারী একটি জিনিস তুলতে গেছে, তার পর থেকে কোমরের ভেতরে আওয়াজ হচ্ছে, ব্যথা শুরু হলো। এভাবেও ব্যথা হয়।

আবার এমন হতে পারে ব্যথা পায়নি কখনো, কোনো ধরনের ট্রমার ইতিহাস নেই, তবে তার ব্যথা। এই ক্ষেত্রে আমরা একে খুবই গুরুত্ব দিয়ে বিবেচনা করি। আরো বিবেচনা করি রোগী যদি খুব কম বয়সের হয় বা খুব বেশি বয়সের হয়।

এই দুটো বয়সের মেরুদণ্ডে ব্যথা হলে একে আমরা খুব গুরুত্ব দিই। বয়স্ক মানুষদের ক্ষেত্রে ক্যানসারের একটি আশঙ্কা থাকে। আবার তরুণ রোগীদের, যাদের ১৮ বছরের নিচে বয়স, এদের ক্ষেত্রে অনেক সময় টিবি হতে পারে।

তার বয়স, তার কাজকর্মের ধরন এ সব কথা মাথায় রেখেই কোনোটাকে আমরা খুব গুরুত্ব দিই, কোনোটাকে কম গুরুত্ব দিই। তবে মেরুদণ্ডে ব্যথা হলে অবশ্যই রোগীদের উচিত চিকিৎসকের কাছে যাওয়া এবং পরীক্ষা করা।

এএস