ভাসকুলার বা রক্তনালী রোগের চিকিৎসার সুযোগ এখন ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ও ইনস্টিটিউটে। গত এপ্রিলের প্রথম সপ্তাহে থেকেই এখানে স্বতন্ত্র ভাসকুলার সার্জারি বিভাগ চালু হয়।

বিশিষ্ট ভাসকুলার সার্জন ও মিডিয়া ব্যক্তিত্ব ডা. এসএমজি সাকলায়েন রাসেল সহকারী অধ্যাপক ও সহযোগী কনসালটেন্ট হিসেবে যোগদান করেছেন। অন্যান্য সার্জনদের মধ্যে রেজিস্ট্রার ও স্পেশালিস্ট হিসেবে যোগদান করেছেন ডা. জুবায়ের আহমেদ, এ্যানেস্থেসিওলজিস্ট ডা. জসিম। ভিজিটিং প্রফেসর হিসেবে আছেন যুক্তরাজ্যের বিখ্যাত ভাসকুলার সার্জন ডা. মাহবুব কুদ্দুস।

ভ্যারিকোস ভেইন বা আঁকাবাঁকা শিরার চিকিৎসায় লেজার থেকে শুরু করে সব ধরনের আধুনিক চিকিৎসা, রক্তনালীর ব্লক চিকিৎসা, রিং পরানো বা পায়ের বাইপাস অপারেশন, রক্তনালীর টিউমার বা হেমানজিওমা অপারেশন, ডায়ালাইসিস এর জন্য ফিস্টুলা তৈরি থেকে শুরু করে সব ধরনের চিকিৎসার সুযোগ থাকছে এ বিভাগে। এছাড়াও রয়েছে ভাসকুলার ডুপ্লেক্স পরীক্ষা এবং হাত ও পায়ের এ্যানজিওগ্রামের সুবিধা।

এ বিষয়ে ইব্রাহিম কার্ডিয়া হাসপাতাল ও রিসার্স ইনস্টিটিউট এর প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক ডা. এম এ রশিদ জানান, ইতোমধ্যে এখানে অপারেশন শুরু হয়েছে এবং খুব শিগগিরই এর কলোবর বৃদ্ধি করা হবে। ইব্রাহিম কার্ডিয়াক একটি অলাভজনক প্রতিষ্ঠান হওয়ায় এর খরচও বেশ কম। ঢাকা শহরের যেকোন ভাল মানের হাসপাতালের চেয়ে এখানে খরচ কম হবে।

তিনি আরো বলেন, যারা এখানে যোগদান করেছেন তারা প্রত্যেকেই ভাসকুলার সার্জন হিসেবে অত্যন্ত সফল এবং ইতোমধ্যে তারা এ ধরনের চিকিৎসায় বেশ সুনাম অর্জন করেছেন।

বাংলাদেশে সরকারি পর্যায়ে ভাসকুলার রোগীদের চিকিৎসায় সীমিত সংখ্যক সুবিধা থাকলেও বেসকরকারি পর্যায়ে এই প্রথম একটি পূর্ণাঙ্গ ভাসকুলার বিভাগ চালুর উদ্যোগ নেয়া হয়েছে।

এমএনজে