২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ চলাকালে অগ্নিদগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হওয়া ৮ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
রোববার দুপুরে বার্ন ইউনিটের তৃতীয় তলার সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, অবরোধে সহিংসতার শিকার অগ্নিদগ্ধ ৮৬ জন রোগী এ পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন। তবে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৫০ জন।
তার মধ্যে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) তে আছেন ৪ জন রোগী। যেখানে রয়েছেন গত ২৪ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীতে অগ্নিদগ্ধদের একজন। আর ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।
এতে জানানো হয় হাসপাতালে এ পর্যন্ত অবরোধে সহিংসতার শিকার অগ্নিদগ্ধ ৫ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে একজনের মৃত্যু হয় জরুরি বিভাগে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্লাষ্টিক সার্জারী বিভাগের অধ্যাপক ডা: মো: সাজ্জাদ খোন্দকার জানান, বার্ন ইউনিটে রোগীর ধারণ ক্ষমতা ৩০০ জনের।
বর্তমানে সেখানে রয়েছে ৫০০ জন। প্রয়োজনের তুলনায় ডাক্তারের সংখ্যাও কম। তারপরও আমরা যথাসাধ্য চেষ্টা করছি সবাইকে সুস্থ্য করে তোলার।
অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান জরুরি ভিত্তিতে ১০০ জনের চিকিৎসার প্রস্তুতিও হাসপাতালের রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডা: সামন্ত লাল সেন, ডা: পার্থ সংকর পাল ডা: আবুল কালাম।
এএ/ এআর





