স্থূল নারীদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি বলে ওয়ার্ল্ড ক্যান্সার রিসার্চ ফান্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে। ল্যানসেট অনকোলজি জার্নালে সম্প্রতি তাদের প্রতিবেদনটি প্রকাশিত হয়।

ওয়ার্ল্ড ক্যান্সার রিসার্চ ফান্ডের ওই প্রতিবেদনে বলা হয়, প্রতি দশজন জরায়ু ক্যান্সারে আক্রান্ত নারীর মধ্যে চারজনের ক্যান্সারের জন্য অতিরিক্ত ওজনই দায়ী।

প্রতিবেদনে আরও বলা হয়, স্বাভাবিক ওজনের নারীর তুলনায় স্থূল নারীর ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি তিনগুণ বেশি। এমনকি প্রতি বছর ১৩ হাজার নারী স্থূলতা সংশ্লিষ্ট ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন যা স্থূল পুরুষদের তুলনায় প্রায় দ্বিগুণ।

স্বাস্থ্যবিদদের ধারণা, অতিরিক্ত ওজনের কারণে নারীরা জরায়ু এবং স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন বলে পুরুষদের সঙ্গে এ সংখ্যাগত পার্থক্য ঘটছে। বিশেষ করে মেনোপজ পরবর্তী সময়ে নারীদের শরীরে এস্ট্রোজেন হরমোন নিঃসৃত হওয়ার কারণে এমনটি ঘটছে।

এ বিষয়ে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ হসপিটালের গাইনোলজিক্যাল অনকোলজিস্ট এডিওলা ওলাইটান জানান, চর্বি কোষ নারীদের শরীরে মেনোপজের পরেও এস্ট্রোজেন উৎপাদন করে। কিন্তু ওই সময়ে স্বাভাবিক নিয়মে প্রোজেস্ট্রেরন হরমোন নিঃসৃত হয় না। এটাই জরায়ু ক্যান্সারের কারণ।

মার্কিন এবং সুইডিশ গবেষণায়ও অতিরিক্ত ওজনের কারণে নারীর শরীরে ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধির প্রমাণ মিলেছে। গবেষকরা অবশ্য এখনো অতিরিক্ত ওজনের ফলে কেন ক্যান্সারে আক্রান্ত হয় সে সম্পর্কে নিশ্চিত হতে পারেননি। তবে ক্যান্সারের ঝুঁকি কমিয়ে আনার জন্য নারী-পুরুষ উভয়কেই ওজন নিয়ন্ত্রণে আনার পরামর্শ দিয়েছেন তারা।

কেএইচ