বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চালু হচ্ছে বার্ন ইউনিট। আগুনে দগ্ধ রোগীদের আরও উন্নত চিকিৎসা সেবা দেওয়ার লক্ষে কেবিন ব্লকের নিচতলায় এ ইউনিট চালু হবে।

বিএসএমএমইউ সূত্র জানায়, বার্ন ইউনিটে রোগীদের চিকিৎসার থাকবে একটি বিশেষজ্ঞ চিকিৎসক টিম। এখানে রয়েছে প্রশিক্ষিত নার্স এবং প্রয়োজনীয় সংখ্যক কর্মচারী।

এখানে কর্তব্যরতরা ৩টি শিফটে সার্বক্ষণিক রোগীদের চিকিৎসাসেবা প্রদান করবেন। বিনামূল্যে এ চিকিৎসাসেবা প্রদান করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রাথমিকভাবে ১০টি বেড নিয়ে কেবিন ব্লকের নিচ তলায় বার্ন ইউনিট চালু করা হবে। পর্যায়ক্রমে রোগীর চাহিদা অনুসারে এই বেড সংখ্যা বাড়ানো হবে।  

রোববার সকালে নতুন এই বার্ন ইউনিটের উদ্বোধন করবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।

এ সময় আরও উপস্থিত থাকবেন- বিএসএমএমইউ’র উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. রুহুল আমিন মিয়া, উপ-উপাচার্য (গবেষনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. জুলফিকার রহমান খান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল মজিদ ভূঁইয়া প্রমুখ।

এমকে