দুই ছাত্রের ওপর হামলার ঘটনায় তৃতীয় দিনের মতো ধর্মঘট করছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা।
আজ বুধবার (৩ আগস্ট) সকালেও তারা আন্দোলন করেন। এর আগে মঙ্গলবার (২ আগস্ট) প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে বিকেল ৫টায় পুনরায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
আহত দুই ছাত্র হলেন, ওসমানী মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্র নাইমুর রহমান ইমন (২৪) ও তৃতীয় বর্ষের ছাত্র রুদ্র নাথ (২২)।
বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মেডিকেল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। তবে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা হামলাকারী সবাইকে গ্রেপ্তারের আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়ে বৈঠক থেকে চলে আসেন।
এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, ক্লাস, পরীক্ষাও বর্জন করেছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তবে ইন্টার্নরা ধর্মঘট ডাকলেও সেবা কার্যক্রম অব্যাহত আছে।
এ বিষয়ে ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. সাফওয়ান বলেন, সব আসামি গ্রেপ্তার এবং শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তায় দৃশ্যমান উদ্যোগ না নেওয়া পর্যন্ত আমরা ধর্মঘট চালিয়ে যাব। কর্মবিরতি ছাড়াও নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
এবিএস





