শনিবার (২৪ মে) বিসিপিএস সচিব অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গৃহীত সিদ্ধান্ত মোতাবেক ২০১৯ বা তৎপূর্ববর্তী সময়ে এফসিপিএস প্রথম পর্ব পাস করা প্রশিক্ষণার্থীদের কলেজের পারিতোষিক নীতিমালা অনুযায়ী ভাতা দেওয়া হবে। এ সংক্রান্ত অন্যান্য নিয়ম অপরিবর্তিত থাকবে। এ আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

জানা গেছে, গত ২০ মে মহাখালীর বিসিপিএস ক্যাম্পাসে বকেয়া পারিতোষিকের দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেন জুলাই-২০১৯ সেশনে এফসিপিএস প্রথম পর্ব পাস করা একদল প্রশিক্ষণার্থী। ২০২৪ সালের জুলাই-ডিসেম্বর স্লটের পারিতোষিক পরিশোধ করা হয়নি জানিয়ে ওই সময় প্রশিক্ষণার্থীরা অভিযোগ করেন, ইচ্ছাকৃতভাবে বিসিপিএস প্রশাসন ৭২ জন প্রশিক্ষণার্থীর ভাতা বন্ধ করে দিয়েছেন।

নতুন নির্দেশনায় জানুয়ারি-২০২০ পূর্ববর্তী সেশনে প্রথম পর্ব পাস করা এফসিপিএস প্রশিক্ষণার্থীদের বাদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা। ওই সময় দাবি আদায় না হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছিলেন এসব প্রশিক্ষণার্থী।

পরে বিসিপিএস সচিব অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামালের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেন প্রশিক্ষণার্থীরা। একই দিন জরুরি সভা আহ্বান করে সিদ্ধান্ত জানাবেন বলে উল্লেখ করেছিলেন অধ্যাপক এবিএম জামাল।

এদিকে আজ নতুন নির্দেশনা জারির পর উচ্ছ্বসিত আন্দোলনরত প্রশিক্ষণার্থীরা। বিসিপিএস কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তারা।

এমএম