চিকিৎসকদের স্বার্থবিরোধী কোনো আইন করা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মাদ নাসিম।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডিতে ম্যারিয়ট কনভেনশন সেন্টারে সলিমুল্লাহ কলেজ প্রাক্তন ছাত্রলীগের এক ইফতার মাহফিলে তিনি বলেন, খুব শিঘ্রই খসড়া আইন পর্যালোচনা করে বেসরকারি হাসপাতাল ও চিকিৎসকদের জন্য আইন প্রণয়ণ করা হবে। তবে এ আইনে এমন কিছু থাকবে না যা চিকিৎসকদের স্বার্থবিরোধী।

নাসিম আরো বলেন, রোগী, চিকিৎসক ও হাসপাতালের মালিক সবারই যাতে স্বার্থ রক্ষা হয় এমন একটি আইন করতে চায় সরকার।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনেক সময় যখন-তখন চিকিৎসকদেও বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়। এটা বন্ধ করা হবে। ফৌজদারি মামলা হবে কি না তা দেখবে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)।

বেগম খালেদা জিয়ার সমালোচনা করে নাসিম বলেন, তার লজ্জা থাকা উচিত, প্রতিদিন ইফতারি মুখে নিয়ে সরকার এবং শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যাচার করেন। অচিরেই তার এই দেশবিরোধী ষড়যন্ত্র এবং মিথ্যাচার জনগণের সামনে উন্মোচিত হবে।

বিএমএ প্রতিষ্ঠাতা মহাসচিব ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসখ্যা বিষয়ক সম্পাদক ডা. ঊদিউজ্জামান ভুঁইয়া ডাবলু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. ইকবার আর্সলান প্রমুখ।

এমআইএস/ইআর