গণস্বাস্থ্য নগর হাসপাতালে ১০০ বেডের সর্বশেষ প্রযুক্তি-সংবলিত ডায়ালাইসিস কার্যক্রম শুরু হয়েছে। এর ফলে এখান থেকে স্বল্প খরচে ডায়ালাইসিস সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য ট্রাস্টের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শনিবার মিরপুর রোডের নগর হাসপাতালে দেশের বৃহত্তম কিডনি সেবা কেন্দ্র, গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের আন্তর্জাতিক মানের সেবার সাথে পরিচিতি সভায় ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, এই সেবা কেন্দ্র থেকে ধনী-দরিদ্র সকলেই সেবা পাবেন। প্রতিদিন ২৫ জন অতি দরিদ্র (অর্থ পরিশোধ করতে অসমর্থ শ্রেণী) রোগীকে বিনামূল্যে ডায়ালাইসিস করা হবে। আবার সামাজিক শ্রেণীর দরিদ্ররা এক হাজার এক শ’ টাকায় ডায়ালাইসিস করতে পারবেন। এখান থেকে এ শ্রেণীর রোগীরা মাত্র ৭৫ হাজার টাকায় কিডনি প্রতিস্থাপন করাতে পারবেন। অতি দরিদ্ররা বিনামূল্যে কিডনি প্রতিস্থাপনেও সুযোগ পাবেন। মধ্যবিত্ত শ্রেণীর লোকজন ডায়ালাইসিস করাতে পারবেন দেড় হাজার টাকায় এবং তাদের কিডনি প্রতিস্থাপন করাতে পারবেন দেড় লাখ টাকায়।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ধনী/ উচ্চবিত্ত শ্রেণীর লোকজন তিন হাজার টাকায় অথবা ইচ্ছামতো দানও করতে পারবেন ডায়ালাইসিস করাতে। এ শ্রেণীর লোকজন আড়াই লাখ টাকায় কিডনীও প্রতিস্থাপন করাতে পারবেন এখান থেকে। তিনি বলেন, বাইরের যেকোনো ডায়ালাইসিস সেন্টার থেকে ডায়ালাইসিস করতে হলে স্থান ভেদে মাসে ৪০ হাজার থেকে দেড় লাখ টাকা প্রয়োজন হবে।

তিনি জানান, ডায়ালাইসিস করতে হলে প্রতি সেশনে (কমপক্ষে চার ঘন্টা) সাড়ে তিন লিটার রক্ত পরিশোধন করতে দেড় শ’ লিটার বিশুদ্ধ পানি প্রয়োজন। এখানে আমরা আমেরিকান স্ট্যান্ডার্ডের পানি উৎপাদন করছি এবং কিডনি ডায়ালাইসিসে ব্যবহার করছি। পানি বিশুদ্ধ না হলে কিডনি রোগীরা ডায়ালাইসিসের মাধ্যমেই সংক্রামক রোগে ভুগতে পারেন অথবা পানির টক্সিক পদার্থ রক্তে মিশে গিয়ে নতুন নতুন রোগের সৃষ্টি করবে। আমরা ডায়ালাইসিস কেন্দ্রের পাশেই পাঁচ বেডের একটি আইসিইউ কেন্দ্র চালু করেছি। কিডনি বিকল রোগীরা যেন সব ধরনের সুবিধা পায় সেজন্য আমাদের এ প্রয়াস।

এমই