আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিতে যাত্রা শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সুপার স্পেশালাইজড হাসপাতালের। এখানে রোগীরা সকল রোগের সেবা পাবেন।
অত্যাধুনিক এই হাসপাতালে স্বল্প খরচে চিকিৎসার পাশাপাশি নানা ধরনের সুবিধা রয়েছে।
হাসপাতালটিতে সবার জন্য উন্মুক্ত থাকবে। দক্ষিণ কোরিয়ার অত্যাধুনিক যন্ত্র-পাতি থাকবে। দেশীয় চিকিৎসকের পাশাপাশি বিদেশি ডাক্তাররাও থাকবেন।
হাসপাতালে নয়টি ফ্লোর এবং তিনটি বেজমেন্ট ফ্লোর থাকবে। ৭৫০টি বেডের মধ্যে ১০০ আইসিইউ এবং ১০০টি ইমার্জেন্সি বেড থাকবে।
অত্যাধুনিক চিকিৎসা সেবা প্রদানের জন্য এ হাসপাতালকে প্রধানত পাঁচটি স্পেশালাইজড সেন্টারে ভাগ করা হয়েছে। এগুলো হবে জরুরি চিকিৎসাকেন্দ্র, হৃদরোগ ও স্নায়ুরোগ সেবাকেন্দ্র, হেপাটোবিলিয়ারি ও যকৃৎ প্রতিস্থাপনকেন্দ্র, কিডনি রোগকেন্দ্র এবং মাতৃ ও শিশু স্বাস্থ্যকেন্দ্র।
এসব কেন্দ্রের রোগীর অন্য কোথাও যাওয়ার প্রয়োজন হবে না। সব ধরনের পরীক্ষা করে একই ছাদের তলায় চিকিৎসা দেওয়া হবে।
এ ছাড়া হাসপাতালের মধ্যেই ব্যাংকিং সুবিধা পাওয়া যাবে। রোগী এবং তার আত্মীয়দের জন্য তিনটি ক্যাফেটেরিয়া থাকবে। লন্ড্রি হাউস এবং প্রায় ২৫০টি গাড়ি রাখার পার্কিং সুবিধাও পাওয়া যাবে।
বিএসএমএমইউয়ের উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ চালু হতে এক মাস সময় লাগবে। আর পূর্ণাঙ্গ সেবা চালু হতে তিন মাস সময় লাগবে।
এবিএস





