জাতিসংঘের ইবোলা মিশনের প্রধান অ্যন্থনি বানবুরি ইবোলা নির্মূলে ‘অনেক, অনেক সময়’ লাগবে উল্লেখ করে বলেন, আফ্রিকায় এ রোগ মোকাবেলায় আরো ব্যাপক সহায়তা প্রয়োজন।
তিনি শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বলেন, ‘ইবোলা মোকাবেলায় আমাদের দীর্ঘদিন লড়াই করে যেতে হবে।’ ইবোলা সারাবিশ্বের নিরাপত্তার জন্য হুমকি এমন ঘোষণা দেয়ার দুই মাস পর তিনি নিরাপত্তা পরিষদের এক বৈঠক এ কথা বলেন।
ইউনাইটেড মিশন ফর ইবোলা ইমার্জেন্সি রেসপন্সের (ইউএনএমইইআর) প্রধান বানবুরি ভিডিওকনফারেন্সের মাধ্যমে বলেন, ইবোলার বিরুদ্ধে যুদ্ধে আরো ব্যাপক সহায়তার প্রয়োজন দেখা দিচ্ছে।
ইবোলা নির্মূলে কিছু অগ্রগতির কথা স্বীকার করে তিনি বলেন, এই মহামারীর বিস্তার ঠেকাতে আন্তর্জাতিক প্রচেষ্টা ততটা সাফল্যের মুখ দেখেনি। মালিতে নতুন করে এ রোগ ছড়িয়েছে। ইউএনএমইইআর দেশটিতে তাদের কার্যক্রম শুরু করবে।
তিনি বলেন, ‘এই সংকট উত্তরণে এখনও অনেক সময় লাগবে।’
জাতিসংঘ মহাসচিব বান কি-মুন ওয়াশিংটনে বলেন, আন্তর্জাতিক তৎপরতা জোরদার করা হলে আগামী বছরের মাঝামাঝিতে ইবোলার বিস্তার রোধ করা যাবে।
সাম্প্রতিক তথ্যে দেখা গেছে, লাইবেরিয়া ও গিনিতে ইবোলার সংক্রমণ কিছুটা হ্রাস পেয়েছে। তবে সিয়েরালিওনে গত সপ্তাহেও নতুন করে ৫শ ৩৩ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত সামান্থা পাওয়ার বলেন, ইবোলা মোকাবেলায় জরুরী ভিত্তিতে এক হাজার আন্তর্জাতিক স্বাস্থ্য সেবা কর্মী প্রয়োজন। তিনি হুঁশিয়ারি জানিয়ে বলেন, প্রয়োজনীয় সরবরাহ দুই মাস চলবে কিনা তা স্পষ্ট নয়।
ইবোলায় এ পর্যন্ত ৫ হাজারেরও বেশি লোকের প্রাণহানি ঘটেছে এবং ১৫ হাজারেরও বেশি আক্রান্ত হয়েছে।
এমএ





