নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় ৮ জন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত করা হয়েছে। তারা বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেছেন। এরা হলেন- উপজেলার কল্যান্দী গাঙকুল পাড়া গ্রামের রাব্বি (১০) ও আবুল কালাম (৪০), দক্ষিণপাড়া ছোট খামার চর গ্রামের রিফাত (১১), আব্দুর রহমান (৫২), মজিবুর (৩০), রহমান মিয়া (৪৫), হাসিনা (২৭) ও সুরুজ মিয়া (৭৫)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: হাবিব ইসমাইল ভূঁইয়া জানান, বৃহস্পতিবার অ্যানথ্রাক্স আক্রান্ত ৮ জন রোগী এসেছিল। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। আক্রান্তদের হাতে চুলকানিসহ ফোস্কা পড়েছে।
অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত আব্দুর রহমান জানান, গত ২০ মে গ্রামের সুরুজ মিয়ার ছেলে বাবুল মিয়ার একটি গৃহপালিত গরু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে জবাই করে মাংস বিক্রি করা হয়। কম দাম পেয়ে গ্রামের অনেকেই মাংস কিনে নেয়। কিন্তু যারা গরু জবাই করে মাংস কেটেছে ও চামড়া নেওয়ার কাজ করেছে তাদের হাতে চুলকানি হয়েছে। কয়েকজনের হাতের আঙ্গুলে ঠোসা পড়ে গেছে।
ঢাকা, ১২ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





