ঘরে বসে পাওয়া যাবে চিকিৎসা সেবা।  চিকিৎসকের অ্যাপয়েমেন্ট, প্রেসক্রিপশন,রিপোর্ট পাওয়া, চিকিৎসকের পরামর্শ পাওয়ার যুগান্তকারী সুবিধা নিয়ে উন্মুক্ত হলো স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক অ্যাপ বিডিইএমআর।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বুধবার রাজধানীর ঢাকা ক্লাবে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে রোগী, চিকিৎসক, স্বাস্থ্যখাতের সব পেশার মানুষের ব্যবহারের জন্য তিনটি অ্যাপ ও ওয়েব সার্ভিসের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএমএমইউ-এর উপাচার্য অধ্যাপক মো. কামরুল আহসান খান ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব ডা. এহতেশামুল হক।

বাংলাদেশী চিকিৎসক বর্তমানে কানাডাপ্রবাসী ডা. অসিত বর্ধন রোগী ও চিকিৎসকদের স্বস্তি দিতে তৈরি করেছেন ‘বাংলাদেশ ইলেক্ট্রোনিক মেডিকেল রেকর্ড’ সংক্ষেপে ‘বিডিইএমআর’ অ্যাপসটি।

patinet.bdemr.com অ্যাপসটি রোগীর জন্য, doctor.bdemr.com অ্যাপসটি চিকিৎসকের ব্যবহারের জন্য আর clinic.bdemr.com অ্যাপসটি হাসপাতাল বা ক্লিনিকের জন্য। anaesmon.bdemr.com অ্যাপসটি সবার জন্য।

অ্যাপসে রোগীর চিকিৎসা সংক্রান্ত সকল ব্যক্তিগত তথ্য যেমন রোগীর নাম, ঠিকানা, যোগাযোগের নম্বর, রোগীর শারীরিক তথ্য যেমন উচ্চতা, ওজন, রক্তচাপ, নাড়ীর গতি, রোগের বিস্তারিত ইতিহাস, রোগী ইতোপূর্বে যতবার চিকিৎসকের কাছে গেছেন, যে যে শারীরিক অসুবিধা নিয়ে গেছেন তার খুঁটিনাটি বিস্তারিত বর্ণনা, রোগীর পূর্বের সকল ইনভেস্টিগেশন টেস্টের রেজাল্ট, রোগীর সকল প্রেসক্রিপশন ও ওষুধের নাম, ডোজ, সেবন বিধি, টিকা গ্রহণ ইত্যাদি থাকবে।

যেসব রোগীর দীর্ঘস্থায়ী অসুখ থাকে তাদের ওষুধ সেবন, চিকিৎসকের ফলোআপে যাওয়া, নতুন পরীক্ষার ক্ষেত্রে পূর্বের পরীক্ষার সঙ্গে তুলনা। রোগীর ধারাবাহিক উন্নতিসহ ইএমআর-এ সংরক্ষিত তথ্য রোগীর চিকিৎসায় সহায়ক হয়। অ্যাপসটিতে রোগীর প্রয়োজনীয় ফটো বা ভিডিও সংযুক্ত করারও সুবিধা রয়েছে।

বিডিইএমআর অ্যাপসে এ সব সুবিধার পাশাপাশি রক্তচাপ, ব্লাড সুগারের ফলসহ যেকোনো পরীক্ষার ফল স্মার্টফোনের মাধ্যমে সেভ করে রাখা যায়। এমন কি একজন রোগী যেসব ওষুধ খাচ্ছেন সেটাও যোগ করে রাখা সম্ভব। ওষুধ কয়টা খাওয়া হলো, কয়টা বাকি থাকলো সেটাও জানা সম্ভব। কোনো ডোজ বাদ পরলো কিনা বিডিইএমআর-এ এ বার্তাও গ্রাহককে জানায়। যারা মাঝে-মধ্যে ওষুধ খেতে ভুলে যান তাদের জন্য এটা খুবই উপযোগী।

আবার বিভিন্ন প্যাথলজি থেকে যে রিপোর্ট করা হবে সেটাও এ অ্যাপসের মাধ্যমে ফোনে, ট্যাবলেটে বা কম্পিউটারে দেখা যায়। চিকিৎসক নিজের চেম্বারে বসেই সেটা দেখতে পান। এভাবে এ অ্যাপসের মাধ্যমে চিকিৎসক ও রোগীর মধ্যে যোগাযোগ সহজ হয়, খরচ কমে আসে এবং সময় বাঁচে।

বিডিইএমআর এর মাধ্যমে রোগীর প্রেসক্রিপশনটি কারও স্মার্টফোন, ল্যাপটপ, বা ডেস্কটপে সংরক্ষিত থাকলে স্বয়ংক্রিয়ভাবে ওষুধ খাওয়ার সময় সেটি রিমাইন্ডার দেয়।

ডা. অসিত বর্ধন বলেন, পাশ্চাত্য দেশগুলোতে এ ধরনের অ্যাপস এবং ব্যবস্থা বেশ ব্যয়বহুল। এ ধরনের বিশেষায়িত অ্যাপস হাসপাতাল, প্রতিষ্ঠান, রোগী এবং চিকিৎসককে কিনতে হয়। তবে বাংলাদেশীদের জন্য বিডিইএমআর অ্যাপসটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করার সুযোগ রাখা হয়েছে। অ্যাপসটি এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে মেডিকেল কনফারেন্সে প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে।

নাজিব