পেঁপে কাঁচা অবস্থায় আমরা সবজি হিসেবে ও পাকা অবস্থায় ফল হিসেবে খেয়ে থাকি। কাঁচা ও পাকা দুই ধরনের পেঁপেই শরীরের জন্য উপকারী। প্রায় সারা বছরই পেঁপে বাজারে কিনতে পাওয়া যায়। এর পুষ্টি গুনের জন্য পুষ্টিবিদরা সব সময়ই এটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।

কাঁচা পেঁপেতে রয়েছে প্যাপেইন ও কাইমোপ্যাপেইন নামের প্রচুর প্রোটিওলাইটিক এনজাইম। এ উপাদান আমিষ ভাঙতে ও হজমে সাহায্য করে। তাই গরু, খাসি বা মুরগির মাংসের সঙ্গে কাঁচা পেঁপে বা রান্না করা পেঁপে খেলে বদহজম কম হয়, কোষ্ঠকাঠিন্য হয় না। মাংস রান্নায় পেঁপের ব্যবহারে চর্বির পরিমাণও কমায়।

পাকা পেঁপেতে রয়েছে প্রচুর ভিটামিন এ ও সি । ভিটামিন এ ও সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, যুদ্ধ করে সংক্রামক রোগের বিরুদ্ধে, দাঁত, চুল, ত্বকের সুরক্ষা করে। তা ছাড়া কেরোটিন, ভিটামিন সি ও ফ্ল্যাভোনয়েড হলো অ্যান্টি-অক্সিডেন্ট, যা ক্যানসার ও হৃদরোগ প্রতিরোধ করে। এ ছাড়া এর ফলিক অ্যাসিড হোমোসিস্টিনকে ভেঙে হৃদরোগের ঝুঁকি কমায়। পেঁপে এমন একটি ফল, যাতে কোলেস্টেরল ও চর্বির পরিমাণ প্রায় শূন্য শতাংশ। প্রতি ১০০ গ্রাম পাকা পেঁপেতে রয়েছে ৪৩ ক্যালরি শক্তি।

মিষ্টি পেঁপে খেতে অনেকেই ভালবাসেন। এটি ত্বক ও চুলের যত্নে বেশ উপকারী। জেনে নিন ত্বক ও চুলের যত্নে ঠিক কিভাবে কাজ করে ফলটি।

ত্বকের যত্নে পেঁপের কিছু গুণ:

১. ত্বকে পুষ্টি যোগায়

মিষ্টি পাকা পেঁপেতে ভিটামিন এ এবং পাপেইন এনজাইম রয়েছে যা ত্বকের চামড়া শুকিয়ে যাওয়া রোধ করে এবং প্রচুর পরিমাণে প্রোটিন প্রদান করে থাকে। এর ফলে ত্বকের আয়ু তুলানামূলকভাবে বেড়ে যায়।

এটি ত্বকের আর্দ্রতাও ফিরিয়ে আনে। এর জন্য এক ফালি পাকা পেঁপের সাথে তিন টেবিল চামচ মধু মিশিয়ে মুখে লাগান এবং ২০ মিনিট পরে ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন।

২. ব্রণের দাগ দূর করে

ব্রণর সমস্যা প্রায় সবারই থাকে। এসব ব্রণের কারণে মুখে খুব জেদি দাগ তৈরি হয়, যা কিছুতেই মিটতে চায় না। এই বাজে দাগগুলো নিরাময় করতে পারে এই ফল। মুখের অন্যান্য যেকোনো দাগ যেমন মেসতা, ফুস্কুড়ির দাগও খুব সহজেই দূর করে দিতে পারে।

৩. উজ্জ্বলতা আনে

মুখের বিভিন্ন দাগ দূর করার পাশাপাশি পেঁপে মুখের উজ্জ্বলতাও ফিরিয়ে আনতে সহায়তা করে।

চুলের যত্নে পেঁপে:

১. চুল পড়া রোধ করে

পাকা পেঁপে চুলে নিয়ম করে ব্যবহার করলে চুল পড়া রোধে সাহায্য করে। পাশাপাশি চুলের উজ্জ্বলতা বাড়িয়ে দেয়।

২. খুসকি দূর করে

চুলে খুসকি হলে চুলের গোঁড়া দুর্বল হয়ে পড়ে। সপ্তাহে দুই দিন অর্ধেক কাপ দুধ বা টক দইয়ের সাথে পাকা পেঁপে মিশিয়ে চুলে লাগিয়ে ৩০ মিনিট রেখে ধুয়ে ফেললেই চুলের খুসকি দূর হবে।

৩. প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে

মিনারেল, ভিটামিন এবং এনজাইমে ভরপুর পাকা পেঁপে চুলে মাখলে এটি প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে। চুলকে উজ্জ্বল আর মসৃণ করে তোলে।

কেএইচ