বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বলেন, বক্ষব্যাধি ইউনিটের চিকিৎসাসেবার মান ও সেবা আরো উন্ননের স্বার্থে এ মেশিনটি আনা হয়েছে।
সোমবার বিএসএমএমইউতে রেসপাইরেটরি (বক্ষব্যাধি) মেডিসিন বিভাগের উদ্যোগে বক্ষব্যাধি রোগীদের রোগ নির্ণয় ও চিকিৎসাসেবার জন্য আধুনিক ব্রংকসকপি মেশিনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তিনি।
অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বলেন, ব্রংকসকপি মেশিন চালু হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বক্ষব্যাধি রোগীরা স্বল্পমূল্যে পরীক্ষা-নিরীক্ষা করতে পারবেন। সংশ্লিষ্ট রোগীদের এসব পরীক্ষার জন্য আর বাইরে যেতে হবে না।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবার মান ও রোগীদের আস্থা উভয়ই বৃদ্ধি পেয়েছে। দেশের রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি পার্শ্ববর্তী দেশসমূহের বিশেষ করে সেভেন সিসটার্স রোগীদের আকৃষ্ট করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. মোঃ রুহুল আমিন মিয়া, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল মজিদ ভূঁইয়া, ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এমএ জলিল চৌধুরী, রিউমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ব্যক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক মোঃ জিলন মিয়া সরকার, বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. শামীম আহমেদ, ডা. রাজাশীষ চক্রবর্তী প্রমুখ।
একে





