বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা গাইবান্ধায় হঠাৎ করেই দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ। জেলার সদর হাসপাতালে গত কয়েক দিনে ৪শরও বেশি রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন।
গাইবান্ধা জেলার সিভিল সার্জন ডা. নির্মলেন্দু চৌধুরী বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাতকারে জানিয়েছেন, গত ৮ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত সদর হাসপাতালে চিকিৎসা নেয়া রোগীর সংখ্যা ৪১০ জন ছাড়িয়ে গেছে।
হঠাৎ করে ডায়রিয়ার এই প্রকোপ কেন? এমন প্রশ্নে নির্মলেন্দু চৌধুরী বলেন, বর্ষাকাল হওয়ায় বৃষ্টির কারণে শহরের নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। পাশাপাশি গরম ও আর্দ্র আবহাওয়ার কারণে জমে থাকা পানি দূষিত এবং সংক্রমিত হয়ে গেছে।
ফলে গৃহস্থালির কাজে যেসব পানি ব্যবহার করা হচ্ছে সেগুলো অধিকাংশই সংক্রমিত বলে মনে করা হচ্ছে। সে কারণেই ডায়রিয়ার প্রকোপ শুরু বলে মত প্রকাশ করেন ডা. চৌধুরী।
এছাড়া স্যানিটেশন ব্যবস্থাও অনেক এলাকায় উন্নতমানের না হওয়ায় ডায়রিয়া ছড়িয়ে পড়ছে।
সিভিল সার্জন নির্মলেন্দু চৌধুরী জানান, অতিরিক্ত রোগীর চাপ সামলানোর জন্য হাসপাতাল চত্বরে অস্থায়ী তাঁবু খাটিয়ে ডায়রিয়া ওয়ার্ড তৈরি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে হঠাৎ করে ডায়রিয়ার এই প্রকোপ কেন তা তদন্ত করতে ঢাকার রোগতত্ত্ব এবং রোগ নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৮ সদস্যের একটি দল এরইমধ্যে গাইবান্ধায় পৌঁছেছেন।
এআর





