এশিয়ান কংগ্রেস অব নিউরোলজিক্যাল সার্জন ও বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনস্ এর যৌথ উদ্যোগে দেশে প্রথম আন্তর্জাতিক হাইব্রিড সম্মেলন ও কর্মশালার উদ্বোধন হয়েছে। এতে বাংলাদেশের বাইরে জাপান, যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিল, তাইওয়ান, ভারত, ইন্দোনেশিয়া, তুর্কিয়ে, উজবেকিস্তানসহ বিভিন্ন দেশের ২০০ জন নিউরোসার্জন। শনিবার দুপুরে ( ৪ মার্চ) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বল রুমে আয়োজিত এ অনুষ্ঠানের প্রথম দিনের প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, নিউরো সার্জিক্যালজিক্যাল চিকিৎসাসেবা প্রদানে প্রয়োজনীয় আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্বিবদ্যালয়ে চালুর উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি তরুণ নিউরোসার্জনদের দক্ষ করে গড়ে তোলার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ‘নিউরোসার্জিক্যাল স্কিল ট্রেনিং সেন্টার’ চালু করা হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনস্ এর সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন বলেন, প্রথমবারের মতো অনুষ্ঠিত এই কনফারেন্সের মূল উদ্দেশ্য হচ্ছে, তরুণ নিউরো সার্জনদের নিউরো সার্জিক্যাল আধুনিক চিকিৎসায় দক্ষ করে গড়ে তোলা। আমরা এবারে ক্যাডাভেরিক ওয়ার্কশপ, পাশাপাশি লাইভ সার্জারি করে কিভাবে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করতে হয় তা শেখানো হয়েছে।

অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন আরও বলেন, বাংলাদেশে নিউরোসার্জিক্যাল চিকিৎসাসেবা বিশ্বমানের হয় সে লক্ষ্যে আমরা কাজ করছি। পর্যায়ক্রমে বাংলাদেশে এখন অনেক নিউরোসার্জন তৈরি হচ্ছে। আমাদের লক্ষ্য দক্ষ নিউরো সার্জন গড়ে তুলে জেলা হাসপাতালগুলো এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নিউরো সার্জিক্যাল স্বাস্থ্যসেবা উন্নত করতে চাই।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাপানের ফুজিতা হেলথ ইউনিভার্সিটির নিউরোসার্জারি বিভাগের প্রধান ও এশিয়ান কনগ্রেস অব নিউরোলজিক্যাল সার্জনের সভাপতি প্রফেসর ইউ কাতো।

এ আন্তর্জাতিক হাইব্রিড কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, বাংলাদেশ সোসাইটি অব নিউরো সার্জনস্ এর সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. শফিকুল ইসলাম, ঢাকা মেডিক্যাল কলেজের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক নিউরোস্পাইন সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

এইচএম