যন্ত্রপাতি ও জনবলের অভাবে নানান সমস্যায় ভোলার বিছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা হাসপাতাল। ৩১ শয্যার হাসপাতালটিকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও ৫০ শয্যার অবকাঠামো, যন্ত্রপাতি ও প্রয়োজনীয় জনবল কিছুই দেয়া হয়নি। এদিকে লক্ষাধিক জনগোষ্ঠীর এই বিচ্ছিন্ন দ্বীপ উপজেলার একমাত্র স্বাস্থ্যসেবা কেন্দ্রটির উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয়রা।

উপজেলা সদর হাসপাতালে ৯৫টি পদের মধ্যে ৩৬টি পদ দীর্ঘদিন পর্যন্ত শূন্য। ৬জন ডাক্তার কর্মরত আছেন। ডাক্তারা দৈনিক ২ শতাধিক রোগী দেখছেন।

খোঁজ নিয়ে জানা যায়, চিকিৎসকের ১২টি পদের মধ্যে ৬টি পদই শূন্য। এর মধ্যে জুনিয়র কনসালটেন্ট সার্জারী, মেডিসিন, গাইনী, এনেসথেসিয়া, ডেন্টাল সার্জন ও আবাসিক মেডিকেল অফিসারের পদ রয়েছে দীর্ঘ দিন পর্যন্ত শূন্য। সিনিয়র স্টাফ নার্সের ১১ টি পদের মধ্যে ৯টি পদই শূন্য। সহকারী নার্স ১টি পদ শূন্য। সেকমো ৬টি পদের মধ্যে ৪টি পদ শূন্য। মেডিক্যাল টেকনিশিয়ান ল্যাভ ২টি পদের মধ্যে ২টি শূন্য। এমটি ডেন্টাল ১টি পদ শূন্য। এমটি রেডিও গ্রাফার ১টি পদ শূন্য। ফার্মাসিস্ট ৩টি পদের মধ্যে ৩টি পদই শূন্য। স্বাস্থ্য সহকারী পরিদর্শক ২টি পদের মধ্যে ১টি পদ শূন্য। এম.এল.এস.এস ৫টি পদের মধ্যে ৪টি পদই শূন্য। সুইপার ৫টি পদের মধ্যে ২টি শূন্য।

তাছাড়া প্যাথলজিক্যাল যন্ত্রপাতি পরিচর্যার অভাবে প্রায় অকেজো। একটি এম্বুলেন্স থাকলেও তা বিকল হয়ে পড়ে আছে দীর্ঘদিন। এম্বুলেন্সের অভাবে দূর দূরান্ত থেকে মুমূর্ষু রোগীদের হাসপাতালে এনে চিকিৎসা সেবা দিতে পারছেনা। এতে ভোগান্তিতে পড়ছে সাধারণ রোগীরা।

জনবল সংকট, প্যাথলজিক্যাল যন্ত্রপাতির অভাবে খুড়িয়ে চলছে মনপুরা হাসপাতালের প্রতিদিনকার কার্যক্রম। ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া রোগী দেখছেন। ফলে প্রকৃত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।

এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গওস নেওয়াজ বলেন, আমরা আন্তরিকতার সহিত রোগীদের চিকিৎসা সেবা দিয়ে থাকি। এখানে জনবল ও প্যাথলজিক্যাল যন্ত্রপাতির অভাব রয়েছে সত্যি, তবে প্যাথলজিক্যাল যন্ত্রপাতির বরাদ্ধ আছে। আমাদের প্রধান সমস্যা বিদ্যুৎ।

তিনি বলেন, দিনের বেলায় কোন বিদ্যুতের ব্যাবস্থা না থাকায় উর্ধ্বতন কর্তৃপক্ষ এখানে যন্ত্রপাতিগুলো দিচ্ছেনা। বিদ্যুতের সমস্যা সমাধান করতে পারলেই আমরা যন্ত্রপাতিগুলো নিয়ে আসতে পারব। প্যাথলজিক্যাল যন্ত্রপাতি ও জনবল সংকট সমস্যা সমাধান হলে ভাল চিকিৎসা সেবা দেওয়া সম্ভব।

জনবল সংকট ও প্যাথলজিক্যাল যন্ত্রপাতির অভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা লক্ষাধিক মানুষ। সরকার চিকিৎসা সেবা মানুষের দৌড়গোড়ায় পৌছানোর জন্য প্রয়োজনীয় প্যাথলজিক্যাল যন্ত্রপাতি, জনবল সংকট ও বিদ্যুৎ সমস্যা সমাধান করবেন বলে মনে করছেন স্থানীয়রা। তারা এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।

এমকে