আইএসআইএল কালোবাজারে তেল বিক্রি করে প্রতিদিন অন্তত ১০ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ আয় করছে। দৈনিক তেল বিক্রির অর্থের পরিমাণ ৩০ লাখ ডলার হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
এ ছাড়া, চলতি বছর পণবন্দিদের কাছ থেকে অন্তত দুই কোটি ডলার সমপরিমাণ অর্থ আদায় করেছে তারা। মার্কিন অর্থ বিভাগের কর্মকর্তা ডেভিড কোহেন এ সব তথ্য দিয়েছেন।
সিরিয়া ও ইরাকের দখলীকৃত এলাকা থেকে তেল উত্তোলন করে তা দালালদের কাছে কম দামে বিক্রি করছে আইএস। এদের মধ্যে তুরস্কের দালালরাও রয়েছে বলে জানান তিনি।
কালো বাজারে আইএসআইএলের বিক্রি করা তেলের অংশ যে মার্কিন মিত্র হিসেবে পরিচিত কোনো কোনো দেশ পাচ্ছে সে কথাও পরোক্ষভাবে স্বীকার করেন কোহেন।
জুনের মাঝামাঝি থেকে এভাবে অর্থ আদায় করা শুরু করেছে এ গোষ্ঠী। অবশ্য তেল বিক্রি করে আইএসআইএল দৈনিক কি পরিমাণ অর্থ আয় করছে তা হিসাব করা মুশকিল উল্লেখ করে কোহেন বলেন, দৈনিক আয়ের পরিমাণ ১০ লাখ ডলার হতে পারে।
এ ছাড়া, কোনো কোনো হিসাবে বলা হয়েছে, তেল বিক্রি বাবদ আইএসআইএল দৈনিক ৩০ লাখ ডলারের সমপরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে।
বিশ্বের স্শস্ত্রগোষ্ঠীগুলোর মধ্যে আর্থিক দিক থেকে সবচেয়ে সুবিধাজনক অবস্থায় রয়েছে আইএসআইএল।
এ সম্পর্কে কোহেন বলেন, চাঁদাবাজি, ব্যাংক ডাকাতিসহ অন্যান্য পন্থায়ও বিপুল পরিমাণে অর্থ হাতিয়ে নিচ্ছে এ গোষ্ঠী। এ ছাড়া, বিত্তশালী কিছু ব্যক্তি এ গোষ্ঠীকে মোটা অংকের অর্থ দান করেছে। আইআরবি
ইআর





