মিসরের উপকূলে ইউরোপমুখী অন্তত সাড়ে পাঁচ শ আশ্রয়প্রার্থী নিয়ে একটি নৌকা ডুবে গেছে।

গতকাল বুধবারের এ ঘটনায় ৪২টি মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ১৬৩ জনকে।

মিসরের এক কর্মকর্তারা বলছেন, বন্দর নগরী রোসেটা থেকে ১২ কিলোমিটার দূরে ওই নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় নৌকা পরিচালনাকারী চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির বিচারিক কর্মকর্তারা সন্দেহ করছেন, এই ব্যক্তিরা মানব পাচার ও হত্যায় জড়িত।

উদ্ধার হওয়া একজন আশ্রয়প্রার্থী বলেন, বেশি করে আশ্রয়প্রার্থী পাওয়ার জন্য নৌকাটি পাঁচ দিন উপকূলে ভিড়িয়ে রাখা হয়েছিল। ধারণক্ষমতার চেয়ে বেশি মানুষ নেওয়া হয়েছিল এতে। নৌকা-সংশ্লিষ্ট লোকজন, লাইফ জ্যাকেটও সবাইকে দেয়নি।

লাইফ জ্যাকেটের জন্য আলাদা করে অর্থ দাবি করা হয়েছিল। এই আশ্রয়প্রার্থী বলেন, নৌকাটিতে ওঠা ১০০ জনের মতো মানুষ মিসরীয়। অন্যরা বিভিন্ন দেশের।

ইউরোপমুখী আশ্রয়প্রার্থীর ঢল এখন মিসরকে রুট হিসেবে ব্যবহার করছে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সীমান্ত সংস্থার এমন আশঙ্কার মধ্যে মিসরের উপকূলে এ নৌকাডুবির ঘটনা ঘটল।

জাতিসংঘের তথ্যমতে, ইউরোপে আশ্রয় নেওয়ার জন্য শুধু ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।

অনেক দিন ধরেই যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে ইউরোপমুখী আশ্রয়প্রার্থীর ঢল চলছে। তাদের সঙ্গে যুক্ত হয়েছে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, এশিয়ার বিশৃঙ্খল ও দারিদ্র্যপীড়িত আরো কিছু দেশের মানুষ।

সূত্র: ডেইলি নিউজ

এসএম