আজ বৃহস্পতিবার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে শ্রীলঙ্কায়। এতে বর্তমান প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসের প্রতি কঠিন চ্যালেঞ্চ ছুড়ে দিয়েছেন নতুন বিরোধী রাজনৈতিক শক্তির প্রতিনিধি তার সরকারেরই স্বাস্থ্যমন্ত্রী মাইথরিপালা সিরিসেনা।

ফলে তৃতীয় মেয়াদে জয়লাভ করতে রাজাপাকসেকে দারুণ বেগ পেতে হবে বলে পর্যবেক্ষক মহল ধারণা করছেন।

শ্রীলংকার সেনাবাহিনী ২০০৯ সালে বিদ্রোহী তামিল টাইগারদের নির্মূল করার পর রাজাপাকসে রাজনীতিতে অজেয় হিসেবে আবির্ভূত হয়েছেন। দক্ষিণ এশিয়ার মধ্যে তিনি সবচেয়ে বেশিদিন ক্ষমতায় রয়েছেন। ২০০৯ সালে দীর্ঘ কয়েক দশকের সংঘাতের অবসান ঘটায় দেশটিতে সমৃদ্ধির পথে এক নতুন যুগের সূচনা ঘটে।

রাজাপাকসে ২০১০ সালের নির্বাচনে ব্যাপক জয় পান। তবে সমালোচকদের মতে, রাজাপাকসে সংখ্যালঘু তামিলদের সঙ্গে সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছেন। তাছাড়া বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপসহ দুর্নীতির অভিযোগের মধ্যে তিনি তার দ্বিতীয় মেয়াদ অতিবাহিত করেছেন।

এবারের নির্বাচনে তার সরকারের স্বাস্থ্যমন্ত্রী মাইথরিপালা সিরিসেনা নিজ দল ত্যাগ করে প্রধান বিরোধী প্রার্থী হয়েছেন। ফলে এবার তাকে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হতে পারে।

রাজনৈতিক ভাষ্যকার ভিক্টর ইভান বলেন, মাইথরিপালা সিরিসেনা বর্তমান সরকারের দুর্নীতির বিরুদ্ধে অসন্তোষের প্রতীকে পরিণত হতে পারেন।

তিনি বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘রাজাপাকসে সমস্যা সমাধানেও ব্যর্থ হয়েছেন।’

তিনি বলেন, প্রেসিডেন্ট বড় বড় সড়ক ও বন্দর নির্মানের প্রতি মনোযোগ দিয়েছেন। এটা জিডিপি'র জন্য ভালো। তবে দশকের পর দশক ধরে চলা বিদ্রোহের কারণে সমাজে সৃষ্ট ক্ষত সারাতে যথেষ্ট নয়।'

ইআর