লিবিয়ার বেনগাজীতে সরকারি সৈন্য ও ইসলামপন্থী বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছে। রোববার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানান।

এছাড়া, রাজধানী ত্রিপোলিতে বিমানবন্দরের কাছে অপর একটি সংঘর্ষে ২৩ জন নিহত হয়েছে।

খবরে বলা হয়, শনিবার শহরের প্রাণকেন্দ্রের কাছে অবস্থিত একটি বিশেষ সরকারি বাহিনীর সদর দফতরে হামলা করে বিদ্রোহীরা। এ সময় সংঘাতের সূত্রপাত হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ২৪ ঘন্টায় ২৮ সৈন্যের মৃতদেহ এবং ৫০ আহত সৈন্যকে হাসপাতালে আনা হয়। বিদ্রোহীদের একজন মুখপাত্র বলেন, সংঘর্ষে তাদের ৮ সৈন্য নিহত হয়েছে।

বার্তাসংস্থা এএফপি'র খবরে বলা হয়, সংঘাত কবলিত এলাকা থেকে কয়েকটি পরিবারকে পালিয়ে যেতে দেখা গেছে। এছাড়া রোববার সকালে ভারী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য তাদের নাগরিকদেরকে লিবিয়াতে ভ্রমণ করতে নিষেধ করেছে। সংঘর্ষের ফলে 'প্রকৃত বিপদের' কথা বলে শনিবার যুক্তরাষ্ট্র লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে অবস্থিত তাদের দূতাবাস খালি করেছে।

উল্লেখ্য, গণঅভ্যুত্থানে ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর লিবিয়ার বিভিন্ন এলাকায় সংঘাত দেখা দেয়।

ঢাকা, ২৭ জুলাই, টাইমনিউজবিডি.কম, টিআই