কমান্ডার দেইফের অডিও বার্তা হামাসের টিভি চ্যানেলে সম্প্রচারিত হয় কমান্ডার দেইফের অডিও বার্তা হামাসের টিভি চ্যানেলে সম্প্রচারিত হয়।
হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের কমান্ডার মুহাম্মাদ দেইফ ঘোষণা করেছেন, গাজা উপত্যকার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে না নেয়া পর্যন্ত কোনো যুদ্ধবিরতি হবে না এবং আমাদের বিজয় অবশম্ভাবী।
বেশ কয়েক বছরের নীরবতা ভেঙে বুধবার তিনি বলেছেন, দখলদার সেনারা এমন একদল সুসংগঠিত যোদ্ধার বিরুদ্ধে যুদ্ধ করছে যারা জীবন দিতে প্রস্তুত। যারা শহীদ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করে তাদের পরাজিত করা যায় না।
২০০২ সালে ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের দায়িত্ব গ্রহণের পর ইসরাইল পাঁচবার মুহাম্মাদ দেইফের ওপর হামলা চালায়। এসব হামলায় একাধিকবার তিনি আহত হলেও প্রাণে রক্ষা পেয়েছেন। গাজায় চলমান যুদ্ধে তিনি হামাস যোদ্ধাদের নেতৃত্ব দিচ্ছেন। সম্প্রতি ইসরাইলি জঙ্গিবিমান তার খান ইউনিসের বাড়িতে বোমাবর্ষণ করেছে।
কমান্ডার দিয়েফ এক অডিও বার্তায় আরো বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার ও গাজার সবগুলো ক্রসিং পুরোপুরি খুলে না দেয়া পর্যন্ত হামাস যুদ্ধবিরতি মেনে নেবে না। তিনি বলেন, দখলদার সেনারা গাজায় হামলা চালানোর পর শক্তির ভারসাম্য পাল্টে গেছে।
আগে ইসরাইলিরা শুধু হত্যা করতো কিন্তু এখন তাদের প্রচুর সেনা মারা পড়ছে। ইসরাইলকে উদ্দেশ করে হামাস কমান্ডার বলেন, 'তোমরা বিমান হামলা চালিয়ে নিরীহ মানুষকে হত্যা করতে পারলেও স্থল অভিযানে সফল হবে না। ফিলিস্তিনিদের শান্তিতে থাকতে দাও নি বলেই তোমাদের ঘুম হারাম করে দিয়েছি আমরা।”
ঢাকা, ৩০ জুলাই, টাইমনিউজবিডি.কম,কেএ





