ইন্দোনেশিয়ার মেদান নগরীর একটি আবাসিক এলাকায় মঙ্গলবার সামরিক বাহিনীর একটি পরিবহন বিমান বিধ্বস্তের ঘটনায় কমপক্ষে ১১০ জন নিহত হয়েছে। এতে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। রেডক্রস কর্মকর্তারা এ কথা জানান।

মেদান নগরীর আদম মালিক হাসপাতালের মুখপাত্র জানান, এ বিমান বিধ্বস্তের ঘটনায় ‘আমাদের হাসপাতালে ৩৮ জনের লাশ আনা হয়েছে। এদের মধ্যে একটি শিশু রয়েছে।'

স্থানীয় টেলিভিশনের খবরে বলা হয়, ইন্দোনেশিয়া বিমান বাহিনীর হারকিউলিস মডেলের এ বিমান আবাসিক এলাকার দু’টি বাড়ি ও একটি গাড়ির ওপর বিধ্বস্ত হয় এবং সেখানে আগুন ধরে যাওয়ায় এ প্রাণহানির ঘটনা ঘটে।

সামরিক মুখপাত্র ফুয়াদ বসিয়া বলেন, বিমানটি মেদান বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। এতে কমপক্ষে ১২ জন ক্রু সদস্য ছিলেন।

কর্মকর্তারা জানান, লাশগুলো বিমানের ধ্বংস্তুপের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনায় ওই এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে এবং ঘটনাস্থলে বহু লোক জড়ো হয়। এ বিমান বিধ্বস্তের ঘটনায় ওই আবাসিক এলাকার দু’টি বাড়ি সম্পূর্ণরুপে ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় এক বাসিন্দা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমি ওই বিমানকে বিমানবন্দরের দিক থেকে কাঁপতে কাঁপতে আসতে দেখি এবং পরক্ষণেই সেখানে ধোঁয়ার কুন্ডলী দেখতে পাই।’

বিমান বাহিনীর চিফ অব স্টাফ আগুস সুপ্রিয়াত্ন মেট্টো টেলিভিশনকে বলেন, বিমানটি বিধ্বস্তের আগ মুহূর্তে পাইলটকে ঘাঁটিতে ফিরে আসতে বলা হয়েছিল।

জেডআই