নিতান্তই ব্যক্তিগত অর্থনৈতিক সমৃদ্ধির উদ্দেশ্যে অবৈধভাবে ইউরোপে না আসার বিরুদ্ধে সাবধান করেছেন ইউরোপীয় কাউন্সিলের প্রধান ডোনাল্ড টাস্ক।
অভিবাসীর স্রোত ঠেকাতে একটি চুক্তি করতে তিনি গ্রীস এবং তুরস্ক সফর করছেন। অভিবাসীদের সিংহভাগই তুরস্ক হয়ে সাগরপথে গ্রীসে এসে নামছে।
তবে গ্রীসের প্রতিবেশী দেশগুলো অভিবাসীদের আর ঢুকতে দিতে চাইছে না। বিশেষ করে সিরিয় এবং ইরাকি ছাড়া অন্যান্য দেশের নাগরিকদের তারা আটকে দিচ্ছে।
সীমান্তের পাশ্ববর্তী দেশগুলিতে নিরাপত্তা জোরদার হওয়ার ফলে গ্রীসে ২৫ হাজারেরও বেশি অভিবাসী এখন আটকা পড়ে আছে। এর ফলে সে দেশে অভিবাসীদের মানবিক সঙ্কট আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অস্ট্রিয়া এবং বলকান অঞ্চলের বেশ ক'টি রাষ্ট্র শুধুমাত্র সিরিয়া এবং ইরাক থেকে আসা শরণার্থীদের ঢুকতে দেবে এই সিদ্ধান্তের পর সীমান্তে কড়াকড়ি বেড়ে যায়।আটকে পড়ে হাজার হাজার অভিবাসী।
অন্যদিকে ব্রিটেনের সীমান্তের কাছে ফ্রান্সের বন্দর নগরী ক্যালেতেও মানবেতর পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন হাজার হাজার অভিবসানকামী মানুষ।
অ্যাথেন্সে গ্রীসের প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাসের সাথে বৈঠকের পর ইউরোপীয় কাউন্সিলের সভাপাতি ডোনাল্ড টাস্ক অর্থনৈতিক অভিবাসীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "আপনারা মোটেও ইউরোপে আসার কথা চিন্তাও করবেন না। মানব পাচারকারীদের ভাল ভাল কথা মোটেও বিশ্বাস করবেন না।আপনার যে অর্থ ব্যয় করবেন কিংবা জীবনের যে ঝুঁকি নেবেন তার সবই ব্যর্থ হবে"।
মি. টাস্ক একই সঙ্গে বলেন যে অভিবাসী সঙ্কট মোকাবেলায় ইউরোপীয় অঞ্চলের কোন দেশেরই উচিত হবে না একতরফাভাবে কোন পদক্ষেপ নেয়া।
এসটি





