ইয়েমেনের শিয়াপন্থী হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলায় অংশ নেয়া তাদের ৪৫ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। শুক্রবার ওই খবরে বলা হয়, ইয়েমেনের পূর্বাঞ্চলীয় একটি প্রদেশে এ ঘটনা ঘটেছে।

হুথিদের বিরুদ্ধে যুদ্ধরত আরব বাহিনীর জন্য একে একটি বড় ধরনের বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে। গত ৫ মাস ধরে ইয়েমেন সৌদি নেতৃত্বাধীন উপসাগরীয় দেশগুলোর আগ্রাসনে একদিনে এতো বিপুল সংখ্যক সৈন্য আগে কখনো মারা যায়নি।

হুথিদের নিয়ন্ত্রিত একটি সংবাদ সংস্থার খবরে বলা হয়, মারিব প্রদেশে মিত্রবাহিনীর একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালালে ওই ৪৫ সেনা নিহত হন। এছাড়া হামলায় বেশ কয়েকটি অ্যাপাচি হেলিকপ্টার এবং সমরযান ধ্বংস হয়।

এদিকে সৌদি আরবের সামরিক জোটের শরিক বাহরাইন শুক্রবার জানিয়েছে যে তাদেরও ৫ সেনা নিহত হয়েছে।

সাম্প্রতিক সময়ে ইয়েমেন সৌদি জোটের বিমান হামলায় হুথিরা পিছু হটেছে বলে খবর প্রকাশের মধ্যেই মিত্রবাহিনীর এমন ক্ষয়ক্ষতির চিত্র পাওয়া গেল।

এসব নিহতের ঘটনা এমন সময় ঘটল যখন ইয়েমেনে শান্তিচুক্তির জন্য চেষ্টা চালাচ্ছেন কূটনীতিকরা।

চলতি বছরের মার্চের শেষের দিকে শুরু হওয়া বিমান হামলায় ইয়েমেনে অন্তত ৪,০০০ লোক নিহত হয়েছে।

শুক্রবারের অর্ধশত সৈন্য নিহতের খবরে ধারণা করা হচ্ছে যে সামনের দিনগুলোতে উত্তেজনা আরো বাড়তে পারে।

গত বছরের সেপ্টেম্বর মাসে হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানার দখল নেয়ার পর সৌদি আরবে পালিয়ে যান দেশটির প্রেসিডেন্ট আব্দু রাব্বু মানসুর হাদি। এরপর চলতি বছরের মার্চ মাসে হুথি বিরোধী অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন মিত্রবাহিনী।

আরব আমিরাতও ওই অভিযানে অংশ নিচ্ছে। অভিযান শুরুর পর এর আগে আরব আমিরাতের আরো পাঁচ সেনা নিহত হয়েছেন। সূত্র: নিউইয়র্ক টাইমস

এআর