সিরিয়ার তথ্যমন্ত্রী ওমরান আজ-জোবি বলেছেন, তার দেশের সাড়ে বছরের সংকট নিরসনের ক্ষেত্রে শান্তি প্রক্রিয়ায় আলে সৌদ সরকার কোনো রকম ভূমিকা রাখতে পারে না। কারণ তারা সিরিয়ায় বিদ্রোহীদের সব ধরনের ইন্ধন দিয়েছে এবং ইয়েমেনে নিজেরাই এখন আগ্রাসন চালাচ্ছে।

সিরিয়ার ইখবারিয়া টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে ওমরান আজ-জোবি আরো বলেছেন, সৌদি আরব নিজেই যেখানে একটি দেশে রক্তপাতে লিপ্ত সেখানে তারা কী করে সিরিয়া সংকট নিরসনের জন্য শান্তি আলোচনায় অংশ নেবে।

তিনি আরো বলেন, ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় পুনর্বহাল এবং জনপ্রিয় আনসারুল্লাহ যোদ্ধাদেরকে ধ্বংস করার জন্য সৌদি আরব গত মার্চ মাস থেকে ইয়েমেনের ওপর একটানা হামলা চালিয়ে আসছে।

বৃহস্পতিবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আজ-জুবায়ের বলেছেন, সিরিয়া প্রশ্নে রিয়াদের অবস্থানের কোনো পরিবর্তন হয় নি এবং ভবিষ্যত সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের কোনো জায়গা থাকবে না। এর একদিন পর সিরিয়ার তথ্যমন্ত্রী এ মন্তব্য করলেন।

ওমরান সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে ‘টিউমার’ এবং ‘ভৃত্য’ বলে অভিহিত করেন। এছাড়া আদেল আজ-জুবায়েরের বক্তব্য নাকচ করে বলেন, সৌদি মন্ত্রী ও তার প্রভুর হাত আরব জনগণের রক্তে রঞ্জিত। সূত্র: রেডিও তেহরান।

ইআর