ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) দেশসমূহের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

এ পরিপ্রেক্ষিতে সার্ক বড় ধরনের গুরুত্ব পেতে যাচ্ছে। ভারতের নতুন সরকার রাজধানী নয়াদিল্লিতে সার্কের একটি বহুতল সদর দপ্তর নির্মাণের পরিকল্পনা করছে।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক রিপোর্টে আজ রোববার এ কথা বলা হয়।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরন রিজিজু জানান, তার মন্ত্রণালয় ইতোমধ্যে রাজধানী নয়াদিল্লী বেশ কয়েকটি স্থান চিহ্নিত ও তালিকাভুক্ত করা হয়েছে। শিগগির এ বিষয়ে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

তিনি বলেন, ‘ভারতের মর্যাদা বেড়ে চলার প্রেক্ষাপটে আমাদের কাছ থেকে অনেক প্রত্যাশা রয়েছে।’

বর্তমানে সার্ক সচিবালয় নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত।

রিজিজু গত সপ্তাহে জাতিসংঘের দুর্যোগ প্রশমন সংক্রান্ত আন্তর্জাতিক কৌশল (ইউএনআইএসডিআর) আয়োজিত দুর্যোগ প্রশমন বিষয়ে ষষ্ঠ এশীয় মন্ত্রিপর্যায়ের সম্মেলনে যোগ দিতে ব্যাংকক সফর করেন।

রিপোর্টে বলা হয়, রিজিজু জাপান এবং এশিয়া প্যাসিফিকের অন্যান্য দেশের মন্ত্রীবর্গের পাশাপাশি চীনের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন।

রিজিজু বলেন, ‘দক্ষিণ এশীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে স্থলপথে দক্ষিণ-পূর্ব এশিয়ার যোগাযোগ স্থাপনের মাধ্যমে ভারতের পূর্বমুখী নীতি নতুন প্রাণশক্তিতে এগিয়ে নেয়া হবে।

তিনি বলেন, পূর্বমুখী হতে হবে উত্তর-পূর্বাঞ্চলের মধ্য দিয়ে,,যেটি দক্ষিণ এশিয়ার সঙ্গে পর্যটন, সংস্কৃতি ও বাণিজ্যের কেন্দ্রবিন্দু হতে পারে।

ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই সার্কভুক্ত দেশসমূহসহ প্রতিবেশী দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে বৈঠকের মধ্যদিয়ে সার্কের গুরুত্ব তুলে ধরেন। সূত্র: বিএসএস

ঢাকা, ২৯ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ