ইয়েমেনের শিয়া হুথি বিদ্রোহীরা এবার দেশটির বৃহত্তম বিমান ঘাঁটি দখলে নিয়েছে। আল-আনাদ নামের এই বিমান ঘাঁটিটি দেশটির বৃহত্তম বন্দরনগরী এডেনের খুব কাছে অবস্থিত। হুথিরা এবার এডেনের উদ্দেশ্যে এগুচ্ছে। খবর বিবিসির।
হুথিদের হাতে এডেনের পতন ঘটলে দেশটিতে মূলত সরকারেরই পতন ঘটবে। এর আগে রাজধানী সানাও দখল করে নেয় হুথিরা। প্রেসিডেন্ট আব্দুরাব্বু মানসুর হাদি এখন এডেনে অবস্থান করছেন। গত মাসে রাজধানী সানায় তাকে গৃহবন্দী করে রাখে হুথিরা। গৃহবন্দী অবস্থা থেকে পালিয়ে এডেনে চলে যান প্রেসিডেন্ট।
হুথিদের সঙ্গে দেশটির সেনাবাহিনীর এক বড় অংশ যোগ দিয়েছে। ফলে হুথিরা খুব সহজেই বিভিন্ন অঞ্চল দখলে নিতে সক্ষম হচ্ছে।
জানুয়ারিতে সানা দখল করে দেশটিতে ৫ সদস্যের 'প্রেসিডেন্সিয়াল কাউন্সিল' গঠন করে। পরবর্তী নির্বাচন পর্যন্ত এই কাউন্সিলের হাতে দেশ শাসনের ভার অর্পণ করে হুথিরা। তবে, দেশটিতে এখনো পর্যন্ত আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট হলেন আব্দুরাব্বু মানসুর হাদি।
এমএ





