অনশন ধর্মঘট পালন করা বন্দীদেরকে জোর করে খাওয়ানোর আইন পাশ করল পৃথিবীর একমাত্র ইহুদিরাষ্ট্র ইসরাঈল। দেশটির মেডিক্যাল এসোসিয়েশনের প্রবল বিরোধিতা সত্ত্বেও আইনটি পাস করেছে দেশটির সংসদ।
প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু'র কট্টরপন্থী জোট সংসদীয় বিতর্কের পর বেশ সফলভাবেই আইনটি পাশ করে নিয়েছে। ১২০ আসনের আইনসভা নেসেটে আইনের পক্ষে ৪৬ জন ভোট দিয়েছেন, বিরোধিতা করেছেন ২০ জন।
ইসরাঈলের পক্ষ থেকে বলা হয়েছে, ফিলিস্তিনের বন্দীরা জেলে অনশন ধর্মঘট পালন করেন। এতে অনেকের মৃত্যু হতে পারে। ফলে দখলে নেয়া পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে তীব্র বিক্ষোভ দেখা দিতে পারে।
আল জাজিরার প্রতিবেদক জানিয়েছে, এই আইনের ফলে জেলাররা জোর করে অনশন ধর্মঘট পালনকারীদেরকে খাওয়াতে পারবে।
আইনটির আওতায় নিরাপত্তা বন্দীরা রয়েছেন। ইসরাঈলের সন্দেহভাজন বা দোষী সাব্যস্ত ব্যক্তিদের ক্ষেত্রে এটি বাস্তবায়ন করা হবে।
প্রতিবেদক আরো জানান, ইসরাঈলের মেডিক্যাল এসোসিয়েশন এই আইনের তীব্র বিরোধিতা করেছে।
এক ডাক্তারের সঙ্গে কথা হলে তিনি জানান, জোর করে খাওয়ানো আর ধর্ষণ করার মধ্যে কোনো পার্থক্য নেই। তারা অন্য সব ডাক্তারকে এমন কাজ না করতে অনুরোধ করেছেন। কারণ এটি মেডিক্যাল নীতি ও বিশ্বাস বিরোধী।
জেডআই





