তীর্থযাত্রীবোঝাই একটি বাস উল্টে অন্তত ২১ জন নিহত হয়েছেন। শনিবার ভোরে অন্ধ্রপ্রদেশের রাজামুন্দ্রির কাছে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতেরা সকলেই তিরুপতি মন্দির দর্শন করে ফিরছিলেন।
পুলিশ জানিয়েছে, তিরুপতি মন্দির থেকে ফেরার সময়ে গোদাবরী নদীর সেতুর উপর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিঙে ধাক্কা মারে। গাড়িটি তিরুপতি থেকে বিশাখাপত্তনমের দিকে যাচ্ছিল।
সারা রাত গাড়ি চালিয়ে চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন। ফলে সেতুর উপর নিয়ন্ত্রণ হারিয়ে নীচে পড়ে যায় গাড়িটি। ওই অঞ্চলে নদীতে জল কম থাকায় গাড়ি থেকে বেরতেই পারেননি যাত্রীরা।
নিহতদের মধ্যে ন’জন মহিলা এবং ছয় শিশু। আশ্চর্যজনক ভাবে বেঁচে গিয়েছে বছর দশেকের একটি বালক। নিহতেরা সবাই অচ্যুতাপূরমের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। সূত্র: আনন্দবাজার পত্রিকা
এআর





