গাজায় ইসরাইলের অবরোধ তুলে নেয়া ছাড়া সেখানে কোন অস্ত্র বিরতি চুক্তি হতে পারে না বলে জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস।
হামাস নেতা খালেদ মিশাল বলেন, গাজার বিরুদ্ধে ইসরাইলের আরোপিত দীর্ঘ আট বছরের অবরোধ তুলে না নেয়া পর্যন্ত হামাস অস্ত্র বিরতি প্রস্তাব মেনে নেবে না।
গাজায় আবারো ইসরাইলি বিমান হামলা ও স্থল অভিযান চালানোর পর হামাসও ইসরাইল ভূখন্ডে রকেট হামলা অব্যাহত রেখেছে।
গাজার সরকারি কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার পর্যন্ত টানা ১৭ দিনের হামলায় কমপক্ষে ৭৩২ জন ফিলিস্তিনি নাগরিক ও ইসরাইলের ৭০ সৈন্য নিহত হয়। ইসরাইলের আরো তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তবে, হামাসের দাবি ৮২ জন ইসরাইলি সেনা নিহত ও আহত হয়েছে কয়েক শত।
এদিকে বিশ্বের অনেক এয়ারলাইন্সের তেলআবিব ফ্লাইট স্থগিত করাকে হামাস অভিনন্দন জানিয়েছে এবং এটিকে আরও একটি বড় বিজয় হিসেবে দেখছে।
মঙ্গলবার ইসরাইলের বেন গুরিয়ন বিমান বন্দরের রানওয়ের কাছে একটি রকেট আঘাত হানার পর এসব ফ্লাইট স্থগিত করা হয়। সূত্র: বিএসএস
ঢাকা, ২৪ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএমএ





