হংকয়ের একটি হীরকমেলায় হীরা চুরির চেষ্টাকালে চলতি সপ্তাহে ৫ চোরকে গ্রেফতার করা হয়েছে। হীরাগুলোর মূল্য ৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।
সোমবার এই গহনা ও হীরক মেলা শুরু হয়। গ্রেফতারকৃত চোরেরা চীনের একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে। খবর এএফপি’র।
স্থানীয় পত্রিকা সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, বুধবার চুরির চেষ্টাকালে সর্বশেষ গ্রেফতারের ঘটনাটি ঘটে। ৪১ বছর বয়সী এক লোক ক্রেতা সেজে সকলের অলক্ষ্যে ৩ লাখ ৮৭ হাজার মার্কিন ডলার মূল্যের ৫ ক্যারেটের একটি হীরা চুরি করে।
দোকানের এক কর্মীর সন্দেহ হলে সে তাকে চ্যালেঞ্জ করে। তার দেহ তল্লাশি করে একটি হীরা পাওয়া গেলে পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশের এক নারী মুখপাত্র বলেন, ‘গ্রেফতারকৃতদের সকলেই চীনের মূল ভূখণ্ড থেকে এসেছেন। আমরা এখনো জানি না যে তাদের সকলের মধ্যে কোন যোগাযোগ রয়েছে কি না।’
পুলিশের অপর এক মুখপাত্র সাউথ চায়না মর্নিং পোস্টকে জানান, গ্রেফতারকৃতরা সকলেই একই অপরাধ চক্রের সদস্য কি না তা আমরা খতিয়ে দেখছি।
তিনি বলেন, ‘হংকংয়ে চুরি করতে আসার আগে এ ধরনের অপরাধ করার জন্য তারা প্রশিক্ষণ নিয়েছে বলে আমাদের ধারণা।’
এ ধরনের চোররা সাধারণত তিন থেকে চারজনের দলে বিভক্ত হয়ে চুরি করে বলে তিনি জানান।
ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





