মুম্বাই পুলিশের কয়েক সদস্য অডিশন রাউন্ড থেকে এক মডেলকে তুলে এনে পুলিশ চৌকিতে ধর্ষণ এবং তার সঙ্গে থাকা সর্বস্ব লুটে নিয়েছেন।

২৮ বছর বয়সী ওই মডেলকে ধর্ষণের ঘটনায় বুধবার তিন পুলিশ ও এক নারীসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার এনডিটিভির এক খবরে এ তথ্য জানানো হয়।

খবরে উল্লেখ, মঙ্গলবার ধর্ষণের শিকার ওই নারী মডেল মুম্বাই পুলিশ কমিশনার রাকেশ মারিয়াকে একটি খুদেবার্তা পাঠান। এর পর মারিয়া ওই মডেলকে থানায় ডেকে পাঠান। তার সঙ্গে কথা বলার পর মারিয়া এমআইডিসি পুলিশকে তাৎক্ষণিকভাবে এফআইআর গ্রহণ করতে নির্দেশ দেন।

সাকি নাকা পুলিশ চৌকির দুই সহকারী পুলিশ পরিদর্শক ও চৌকির প্রধান পুলিশ কনস্টেবলসহ কয়েকজনের বিরুদ্ধে ধর্ষণ, যৌন হয়রানি ও চাঁদাবাজির অভিযোগে মামলা করা হয়।

মডেলের অভিযোগ, গত ৪ এপ্রিল ওই নারী মডেল পাঁচ-তারকা হোটেলে অডিশন দিতে গিয়েছিলেন। ফেরার পথে পুলিশ সদস্যরা তাকে থামিয়ে জোর করে তাদের গাড়িতে তুলে নিয়ে যায়।
এর পর তাকে পুলিশ চৌকিতে নিয়ে ধর্ষণ করা হয়। পুলিশ সদস্যরা তার কাছে সাড়ে চার লাখ রুপি দাবি করে।

এসময় তার কাছে থাকা সোনার আংটি, গলার চেইন, চুড়ি ও নগদ অর্থসহ প্রায় ৮০ হাজার রুপির জিনিস ছিনিয়ে নেওয়া হয়। পরে তার এক বন্ধু এসে পুলিশকে অর্থ দিয়ে তাকে ছাড়ানোর ব্যবস্থা করেন।

ইআর