মিশরের ইখওয়ানুল মুসলিমিন বলেছে তারা দেশটির সামরিক বাহিনীর মদদপুষ্ট সরকারের সঙ্গে কোনো আলোচনায় যাবে না। একই সঙ্গে মিশরজুড়ে সরকার বিরোধী শান্তিপূর্ণ বিক্ষোভের আয়োজন অব্যাহত রাখবে বলেও ঘোষণা করেছে ইখওয়ান।
নিষিদ্ধ ঘোষিত মিশরের রাজনৈতিক দল ইখওয়ান বলেছে, বিপ্লবীদের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের বিচার না হওয়া পর্যন্ত আপোষের জন্য কোনো আঞ্চলিক বা আন্তর্জাতিক তৎপরতায় এ দল সাড়া দিবে না।
ইখওয়ানের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ সব কথা ঘোষণা করা হয়েছে। সৌদি আরব, ইহুদিবাদী ইসরাইল, সংযুক্ত আরব আমিরাত এবং আমেরিকার প্রতি ইংগিত করে এতে আরো বলা হয়েছে, দেশটির গত বছরের সেনা অভ্যুত্থান সমর্থনকারী দেশি ও আন্তর্জাতিক চক্রগুলোকেও পরাজিত করবে ইখওয়ান এবং তার সমর্থকরা।
ইখওয়ান সমর্থিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকরা রাজধানী কায়রো এবং ফেইওম শহরে বিক্ষোভের মাত্র একদিন পর এ বিবৃতি দেয়া হলো। সাম্প্রতিক মাসগুলোতে এ জাতীয় বিক্ষোভে মিশরের অন্যান্য শহরেও হয়েছে। সূত্র: আইআরআইবি
এমএ





