অপহৃত আট বাংলাদেশিসহ নয় জনকে উদ্ধার করেছে মালয়েশিয়ার পুলিশ। পুলিশ বলছে, মঙ্গলবার পেনডাংয়ের কামপুং ছড়ক কেলাদি’র একটি বাড়ি থেকে অসুস্থ অবস্থায় তাদের উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশি ছাড়া অপরজন মিয়ানমারের নাগরিক বলে মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামার এক খবরে জানানো হয়েছে। উদ্ধার ব্যক্তিদের বয়স ২২ থেকে ৪৫ বছরের মধ্যে। তাদের সবাই শারীরিকভাবে দুর্বল এবং অভুক্ত। উদ্ধারের সময় তাদের সকলের পা শিকলে বাধা ছিলো।
কেদাহ’র পুলিশ প্রধান আসরি ইউসুফ সাংবাদিকদের বলেন, গত ২৯ আগস্ট ৬ বাংলাদেশিকে সুনগাই পেতানি’র একটি নির্মাণ সাইট থেকে অপহরণ করা হয়। তাদের বিষয়ে পাওয়া তথ্যের ভিত্তিতে রাত দেড়টার দিকে পুলিশ অভিযান চালায়। তিনি বলেন, ইতিমধ্যে অপহরণকারীরা বাংলাদেশে থাকা এসব ব্যক্তির পরিবারকে টেলিফোন করে মুক্তিপণ চেয়েছে। প্রত্যেকের জন্য ৫ হাজার মালয়েশিয়ান রিংগিত চেয়েছে তারা।
নইলে তাদের হত্যা করা হবে বলে হুমকি দিয়েছিলো। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে পুলিশ অভিযান চালায়। ওই ছয় বাংলাদেশিসহ মোট নয়জনকে উদ্ধার করা হয়েছে। কুয়ালালামপুর ও পেরাক থেকে এদের অপহরণ করা হয়। এই অভিযানে পুলিশ সন্দেহভাজন চার মালয়েশিয়ান নাগরিককেও আটক করেছে।
এআই





