ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো তার প্রাসাদের বাথরুমে পিছলে পড়ে আহত হয়ে সাময়িকভাবে স্মৃতিশক্তি হারিয়েছেন। এক সাক্ষাতকারে প্রেসিডেন্ট এ তথ্য জানিয়েছেন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সরকারি বাসভবনে দেশটির প্রেসিডেন্ট বাথরুমে পিছলে পড়ে যান। এসময় তিনি মাথায় আঘাত পান। এতে করে সাময়িকভাবে তিনি স্মৃতিশক্তি হারান।
সংবাদমাধ্যম জানায়, সোমবার (২৩ ডিসেম্বর) রাতে নিজ বাসভবন আলভোরাদা প্যালেসের বাথরুমে পা ফস্কে পড়ে আহত হন তিনি। এ ঘটনার পর তাকে উদ্ধার করে ব্রাসিলিয়ার সেনা হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই হাসপাতালে তিনি এক রাত কাটান।
বাথরুমে পা ফস্কে পড়ে তার স্মৃতিভ্রংশ হয়েছিলো বলে জানান বলসোনারো। পরে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে তার কিছু কিছু ঘটনার কথা মনে পড়ে যায়। এখন তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।
এর আগে ২০১৮ সালের সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে তার ওপর ছুরি হামলার ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। পরে চারটি অপারেশন করতে হয় বলসোনারোর।
এ মাসের গোড়ার দিকেও তিনি জানিয়েছিলেন যে, তার ত্বকের ক্যানসারের পরীক্ষা-নিরীক্ষা চলছে। বর্তমানে চিকিৎসকরা তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন।
এএস





