আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় ইসলামিক স্টেটের (আইএস) এক কমান্ডার নিহত হয়েছেন। সোমবার আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে এই হামলায় এই কমান্ডারসহ নিহত হয়েছেন অন্তত ৬ জন।

নিহত আইএস কমান্ডার মোল্লা আবদুল রউফ তালেবানের সাবেক কমান্ডার ছিলেন। তালেবানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তিনি ইরাক ও সিরিয়ায় তৎপর আইএসে যোগ দেন। আইএসের খোরাসান (আফগানিস্তানের আগের নাম) শাখার ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্বরত ছিলেন তিনি। খবর বিবিসির।

হেলমান্দ প্রদেশের পুলিশ প্রধান মোল্লা আবদুল রউফের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। তবে, ন্যাটোর পক্ষ থেকে এ ব্যাপারে কোন মন্তব্য পাওয়া যায়নি।

হেলমান্দের কয়েকজন গোত্রপতি জানান, মরুভূমির মধ্যে দিয়ে একটি গাড়ি যাওয়ার সময় তাতে ড্রোন হামলা চালানো হয়। গাড়িটিতে ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে মোল্লা আবদুল রউফের একজন ঘনিষ্ট আত্মীয়ও রয়েছেন।

গাড়িটিতে করে বিস্ফোরক দ্রব্যও নেয়া হচ্ছিল বলে জানা গেছে। হামলায় এসব বিস্ফোরক দ্রব্যও বিস্ফোরিত হয়।

হেলমান্দে তিনি গিয়েছিলেন আইএসে লোক নেয়ার জন্য। উল্লেখ্য, ২০০১ সালে আফগানিস্তানে মার্কিন আগ্রাসনের পর আবদুল রউফকে আটক করে মার্কিন সেনারা। তাকে দীর্ঘ ৬ বছর গুয়ানতানামো কারাগারে আটকে রাখা হয়।

এমএ