ব্রেক্সিট ইস্যুতে বড় ধরনের ধাক্কা খেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। মঙ্গলবার এই ইস্যুতে অনুষ্ঠিত ভোটাভোটিতে বড় ধরনের পরাজয় হওয়ায় এখন তিনি আস্থা ভোটের সম্মুখীন হচ্ছেন।
গতকাল ভোটের আগেই ব্রিটিশ গণমাধ্যমগুলো জানায়, ব্রেক্সিট ইস্যুতে বড় ধরনের পরাজয়ের মুখোমুখি হতে যাচ্ছেন মে। ভোটের ফলাফলেও সেটি প্রমাণ হয়েছে।
মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টের হাউজ অব কমন্সে ৪৩২ জন এমপি প্রধানমন্ত্রীর আনা প্রস্তাবটি বাতিলের পক্ষে ভোট দেন। আর প্রস্তাবের পক্ষে ভোট দেন মাত্র ২০২ জন এমপি।
ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রধানমন্ত্রী থেরেসার পরাজয়ের পর পরই বিরোধী দলীয় লেবার পার্টির নেতা জেরেমি করবিন এই সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোটের জন্য প্রস্তাব দিয়েছেন। ফলে এখন প্রধানমন্ত্রীকে আস্থা ভোটের মুখোমুখি হতে হবে।
দেশটির গণমাধ্যম বিবিসি বলছে, থেরেসা মে যদি নিজের আস্থা প্রমাণ করতে ব্যর্থ হন, তাহলে পরিণতি হিসেবে দেশটি একটি সাধারণ ভোটের মুখোমুখিও হতে পারে।
যদিও ২০১১ সালের একটি আইন অনুযায়ী যুক্তরাজ্যে প্রতি পাঁচ বছর পর পর সাধারণ নির্বাচন হয়। সেই হিসেবে পরবর্তী নির্বাচন হওয়ার কথা ২০২২ সালে।
ইইউ থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার বিষয়টি ব্রেক্সিট নামে পরিচিত। গতকাল যে চুক্তিটি নিয়ে ভোট হয়েছে তাতে ব্রিটিশরা ইউরোপীয় ইউনিয়ন থেকে কীভাবে বেরিয়ে যাবে সেই ব্যাপারে শর্ত নির্ধারণ করা হয়েছিল।
এই চুক্তিটি নিয়ে শুরু থেকেই নিজ দল ও বিরোধীদের তুমুল বিরোধিতার মুখে পড়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। একে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে থেরেসার মন্ত্রি পরিষদের খোদ ব্রেক্সিট বিষয়ক মন্ত্রীসহ কয়েকজন পদত্যাগ করেন।
এমনকি মঙ্গলবারের ভোটাভোটিতে বিরোধীদের সঙ্গে কনজার্ভেটির পার্টির ১১৮ জন এমপিও চুক্তিটির বাতিলের পক্ষে ভোট দেন।
পরাজয়ের পরও অবশ্য থেরেসা মে সরকারকে নেতৃত্ব দেওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।
তিনি বলেছেন, বিরোধী দলীয় নেতা জেরেমি করবিনের আনা আস্থা ভোটের বিষয়ে তিনি বুধবার কথা বলবেন।
প্রসঙ্গত, ইউরোপীয় ইউনিয়নের ২৮টি দেশের মানুষ একে অন্যের দেশে যেতে পারেন। এক সঙ্গে ব্যবসা-বাণিজ্য করতে পারে। তাছাড়া এই ইউনিয়নভুক্ত দেশের মানুষ এক দেশ থেকে অন্য দেশে গিয়ে বসবাসও করতে পারে।
এদিকে, ব্রেক্সিটের সময় ঘনিয়ে আসার দুই মাসেরও বেশি সময় আগে মঙ্গলবার এ ভোটাভোটি অনুষ্ঠিত হলো। আগামী ২৯ শে মার্চের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার কথা। সেই হিসাবে আর মাত্র ৭৩ দিন বাকি আছে।
জেড





