পুলিশের গুলিতে নিহত মার্কিন কৃষ্ণাঙ্গ কিশোর মাইকেল ব্রাউনের অন্ত্যেষ্টাক্রিয়ায় হাজার হাজার মানুষ অংশ নিবেন বলে ধারণা করা হচ্ছে। সোমবার ব্রাউনের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হওয়ার কথা। খবর প্রেস টিভির।
মিসৌরি অঙ্গরাজ্যের ছোট্ট শহর ফার্গুসনে শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে ১৮ বছরের নিরস্ত্র ওই কৃষ্ণাঙ্গ কিশোর নিহত হন সপ্তাহ দুয়েক আগে।
এরপর শহরটির বিক্ষুব্ধ কৃষ্ণাঙ্গ মানুষেরা প্রতিবাদ শুরু করলে সহিংসতা ছড়িয়ে পড়ে। জরুরী অবস্থা জারি করে কর্তৃপক্ষ। তবে বর্তমানে শহরটি শান্ত রয়েছে।
ফার্গুসনবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন মাইকেল ব্রাউনের পিতা। তিনি বলেছেন, "যখন আমার সন্তানকে শোয়ানো হবে, আমি চাই তখন সবাই শান্ত থাকবেন।"
সেন্ট লুইস শহরের ফ্রেন্ডলি টেম্পল মিশনারি বেপটিস্ট-এ স্থানীয় সময় সকাল ১০ টায় অন্ত্যেষ্টাক্রিয়া সম্পন্ন হবে। গির্জাটিতে ৫,০০০ প্রার্থনাকারী একই সাথে প্রার্থনা করতে পারবেন।
তবে,অন্ত্যেষ্টাক্রিয়াকে সামনে রেখে যাতে সহিংসতা ছড়িয়ে না পড়ে সেজন্য সতর্ক রয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
আস্থার সংকট
নিউইয়র্কটাইমস পত্রিকার এক জরিপে দেখা গেছে, পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ কিশোর নিহত হওয়ার পর বিচার ব্যবস্থার প্রতি আস্থা হারিয়েছেন অধিকাংশ আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকানরা। প্রতি ১০ জন কৃষ্ণাঙ্গের মধ্যে প্রায় ৬ জন মনে করেন, ব্রাউনের হত্যাকাণ্ডের তদন্ত যথাযথভাবে সম্পাদিত হবে না।
ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এস এম এ, টিআই





