ইরাকে বিমান হামলার ব্যাপারে চিন্তা-ভাবনা করছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ ব্যাপারে তিনি তার নিরাপত্তা উপদেষ্টাদের সাথে পরামর্শ করছেন। এদিকে, সুন্নী বিদ্রোহীদের দমন করতে দেশটির সরকারি বাহিনীকে সহায়তার জন্য ২৭৫ সদস্যের মার্কিন সেনা বহর প্রস্তুত করা হয়েছে। খবর রয়টার্স ও আলজাজিরার।

মার্কিন সেনা সদস্যরা ইরাকে অবস্থানরত আমেরিকান নাগরিকদের নিরাপত্তা ও অন্যান্য সহায়তা দেবে। এ ছাড়া আমেরিকান দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করবে।

ওবামা ইরাকের শীর্ষ কর্মকর্তাদের চিঠিতে জানিয়েছেন, সেনা সদস্যরা নিরাপত্তার পাশাপাশি প্রয়োজনে যুদ্ধের জন্যও প্রস্তুত থাকবে। ইরাকের নিরাপত্তা পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত আমেরিকান সেনারা সেখানে অবস্থান করবে।

এদিকে জাতিসংঘ বলেছে, বাগদাদ থেকে তাদের কর্মীদের সরিয়ে নেয়া হচ্ছে। ইতোমধ্যে ৫৮ জনকে জর্ডানে পাঠানো হয়েছে। বাকি কর্মীদের কুর্দি অঞ্চলের রাজধানী ইরবিলে পাঠানোর পরিকল্পনা নেয়া হচ্ছে।

অন্যদিকে সেনা পাঠানোর সঙ্গে সঙ্গে ইরাকে ড্রোন হামলা চালানোর পরিকল্পনাও নিয়েছে আমেরিকা। এজন্য ইতোমধ্যে ভূমধ্যসাগরে আরো কয়েকটি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

তবে ওবামার নির্দেশটি এমন সময় দেওয়া হলো যখন, ইরাকের উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ বিদ্রোহীদের হাতে চলে গেছে। সূত্র: রয়টার্স ও আলজাজিরা

ঢাকা, ১৭ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ